ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ওই যুবক রাস্তায় সিসিটিভি বসিয়ে ভারতীয় সেনা ও প্যারামিলিটারি ফোর্সের গতিবিধির লাইভ রেকর্ড পাকিস্তানে পাঠাত। পাঞ্জাবের পাঠানকোট পুলিশ ওই সন্দেহভাজনকে গ্রেফতার করার পাশাপাশি গুপ্তচরবৃত্তির চক্র ফাঁস করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাক ধারিওয়াল গ্রামের বাসিন্দা বলজিৎ সিং ওরফে ‘বিট্টু’ জাতীয় সড়ক-৪৪-এর পাঠানকোট-জম্মু অংশের একটি সেতুর কাছে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। অভিযোগ, সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর চলাচলের ওপর নজর রাখতেই সে এই ক্যামেরা বসিয়েছিল। ঊর্ধ্বতন পুলিশ কর্তা দলজিন্দর সিং ধিলন জানান, ওই নজরদারির ফুটেজ বা তথ্য ইলেকট্রনিক মাধ্যমে পাকিস্তানে এবং দেশের বাইরে পাঠানো হতো।জিজ্ঞাসাবাদের সময় বিট্টু সিং স্বীকার করেছে, গত জানুয়ারিতে জাতীয় সড়কের সুজানপুর এলাকার কাছে একটি দোকানে ইন্টারনেট সংযোগ পূর্ণ সিসিটিভি ক্যামেরা বসিয়ে ছিল।
তার এই কাজে দুবাই থেকে এক ব্যক্তি নির্দেশ দিত। ৪০,০০০ টাকা তাকে গুপ্তচরবৃত্তির জন্য দেওয়া হয়েছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে একটি সিসিটিভি ক্যামেরা এবং একটি ইন্টারনেট ওয়াইফাই রাউটার উদ্ধার হয়েছে। আন্তঃসীমান্ত চক্রের হদিস পেতে এবং এর নেপথ্যে থাকা অর্থের উৎস খুঁজে বের করতে আরও তদন্ত চলছে। আরা যারা এই চক্রের সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।