স্পোর্টস রিপোর্টার : রঞ্জি ট্রফির ম্যাচে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৮৬ ওভারে ৪ উইকেটে ৩৪০ রান। কামব্যাক ম্যাচে ওপেন করতে নেমে প্রথম শ্রেণির কেরিয়ারে চতুর্দশ শতরান হাঁকিয়ে ২২৬ বলে ১৪০ রানে অপরাজিত সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। সুমন্ত গুপ্ত ৪৫ বলে ৩১ রানে অপরাজিত আছেন।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল সার্ভিসেস। বাংলার ওপেনিং জুটিতে ওঠে ২৪৭ বলে ১৫১ রান। প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি বাংলা। দ্বিতীয় সেশনে জলপানের বিরতির ঠিক আগে কিছুটা অসতর্কতার জন্য দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার অধিনায়ক ফেরেন ১৫২ বলে ৮১ রানে। মেরেছেন ৯টি চার ও ১টি ছয়। সুদীপ কুমার ঘরামি ২৫ বলে ৯ রান করেন।
শততম প্রথম শ্রেণির ম্যাচে অনুষ্টুপ মজুমদার ৩৩ বলে ২৭ রান করেন। শাহবাজ আহমেদ আউট হন ৩৮ বলে ৩৮ রানে। জয়ন্ত গয়াত, আদিত্য কুমার ও মোহিত আহলাওয়াত পেয়েছেন একটি করে উইকেট।
