ওঙ্কার ডেস্ক: সরকার বদলেছে। কিন্তু আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের অপেক্ষা এখনও শেষ হয়নি। তদন্তের অগ্রগতি নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, ঘটনার দু’বছর পরেও সব অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
তদন্তের দায়িত্ব ঠিকমতো সামলাতে না পারলে সিবিআইকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রত্না। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠ সুমন হাজরা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পানিহাটির বিধায়ক।
রত্না দেবনাথের বক্তব্য, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তাঁর পরিবার এই তদন্ত চায়নি। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পদক্ষেপ কী হবে। তদন্ত সামলাতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি। এরপর প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রত্না। পাশাপাশি তাঁর দাবি, দুর্নীতি শুধু আরজি কর মেডিক্যাল কলেজে সীমাবদ্ধ ছিল না। রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও অনিয়ম চলেছে এবং এখনও চলছে। রত্নার বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তন হলেও দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।