রান্নায় ধনেপাতার ব্যবহার বাঙালির ঘরে ঘরে। ডাল, তরকারি, কিংবা মুখরোচক যেকোনও পদে সামান্য ধনেপাতা মিশিয়ে দিলেই খাবারের স্বাদ ও সুগন্ধ বেড়ে যায় অনেকটাই। বাজার থেকে বারবার ধনেপাতা কেনার পরিবর্তে এবার নিজের ছাদ বাগানেই সহজ পদ্ধতিতে ফলিয়ে ফেলুন টাটকা, সতেজ ও সুগন্ধি ধনেপাতা। অল্প জায়গা, সামান্য যত্ন আর কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই সারা বছরই পেতে পারেন নিজের বাগানের ধনেপাতা।
১. টব ও মাটি তৈরি: ধনেপাতা চাষের জন্য ৬-৮ ইঞ্চি গভীর টব, প্লাস্টিকের পাত্র অথবা গ্রো ব্যাগ ব্যবহার করতে পারেন। টবের নিচে জল বেরোনোর ব্যবস্থা থাকা জরুরি। মাটি তৈরির জন্য ৫০ শতাংশ বাগানের মাটি, ৩০ শতাংশ ভার্মি কম্পোস্ট বা পচা গোবর সার এবং ২০ শতাংশ বালি মিশিয়ে নিন। এতে মাটি ঝুরঝুরে থাকবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে।
২. বীজ বপনের পদ্ধতি: বাজার থেকে ভালো মানের ধনেবীজ সংগ্রহ করুন। বীজগুলিকে হালকা করে দু’ভাগ করে ৬-৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গমে সুবিধা হতে পারে। এবার টবের মাটিতে অল্প দূরত্বে বীজ ছড়িয়ে দিয়ে উপর থেকে পাতলা মাটির স্তর চাপা দিন। হালকা জল স্প্রে করুন। সাধারণত ৭-১৫ দিনের মধ্যে চারা গজাতে শুরু করে।
৩. পর্যাপ্ত আলো ও জল: ধনেপাতা গাছের ভালো বৃদ্ধির জন্য প্রতিদিন ৩-৫ ঘণ্টা সকালের রোদ পাওয়া উপকারী। মাটি শুকিয়ে গেলে পরিমাণমতো জল দিন। তবে টবে যেন জল জমে না থাকে। অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে।
৪. নিয়মিত পরিচর্যা: গাছের বৃদ্ধি ভালো রাখতে ১৫-২০ দিন অন্তর অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দিতে পারেন। টবের আগাছা পরিষ্কার রাখুন। গাছের পাতায় পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি না, নিয়মিত খেয়াল রাখুন। অতিরিক্ত ঘন চারা হলে কিছু চারা তুলে দিলে বাকি গাছগুলি ভালোভাবে বেড়ে উঠবে।
৫. ধনেপাতা সংগ্রহ: বীজ বপনের প্রায় ৩০-৪৫ দিনের মধ্যে ধনেপাতা সংগ্রহের উপযুক্ত হয়ে যায়। গাছের গোড়া থেকে কিছুটা উপরে কাঁচি দিয়ে পাতা কেটে নিন। গোড়া অক্ষত রাখলে অনেক ক্ষেত্রে নতুন পাতা গজাতে পারে।
তাহলে আর দেরি কেন? আজই আপনার ছাদ, বারান্দা কিংবা ছোট্ট উঠোনে শুরু করুন ধনেপাতা চাষ। নিজের হাতে ফলানো টাটকা ধনেপাতার সুগন্ধে ভরে উঠুক আপনার রান্নাঘর, আর প্রতিদিনের খাবার হয়ে উঠুক আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর।