ওঙ্কার ডেস্কঃ বাংলায় কুর্সি বদলের পর বড় প্রশ্ন ছিল, এবার কী বাংলার হাল ফিরবে? বাংলার বিনিয়োগ, চাকরি, বেকারত্বের কী হবে? এই প্রসঙ্গেই সোমবার কলকাতার ‘ভারত চেম্বার অফ কমার্স’-এর মঞ্চ থেকে রাজ্যের শিল্পমহল ও বণিকসভাকে এক মস্ত বড় এবং আশাব্যঞ্জক ‘১০০ দিনের’ প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
বাংলায় শিল্পের হাল বেহাল। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি রাজ্য ছেড়ে যাওয়া লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক এই আখ্যা দিয়ে শমীক ভট্টাচার্য জানান, রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনও গঠন না হলেও প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প ও উৎপাদন ক্ষেত্রে আমরা এমন কিছু বৈপ্লবিক পদক্ষেপ বা বড় ধামাকা করতে চলেছি, যা দেখার পর আপনারা প্রত্যেকে আমাদের নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে বাধ্য হবেন।’’
বিজেপির রাজ্য সভাপতি এও বার্তা দেন, খুব দ্রুত এমন সময়োপযোগী ও কড়া আইন তৈরি করা হবে, যা এ রাজ্যের ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য চূড়ান্ত লাভদায়ক এবং সুরক্ষামূলক হবে। তবে শমীকের সংযোজন, এই কর্মযজ্ঞ কেবল একটি রাজনৈতিক দলে একা করতে পারা সম্ভব নয়। রাজ্যের বুদ্ধিজীবী ও আমজনতাকেও এই পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করতে হবে।
এদিনের অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা নিয়েও ক্ষোভ উগরে দেন শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের পর্যটন থেকে শুরু করে বিশ্ববিখ্যাত চা শিল্প কোনও কিছু নিয়েই আগে সঠিক পরিকল্পনা করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে ধুঁকছেন গরিব চা শ্রমিকেরা, ক্ষোভে ফুঁসছেন টেক্সটাইল বা বস্ত্রশিল্পের কারিগররা। তবে এবার ডবল ইঞ্জিন সরকারের জমানায় বাংলার উন্নতি সাধন হবে বলে আশ্বাস দেন তিনি।