ওঙ্কার ডেস্ক: বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন নয়। বহু বছর ধরেই দুই জগতের তারকারা প্রেম করেছেন, সংসার পেতেছেন। সেই ধারাবাহিকতায় এবার ছড়িয়েছিল সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর এবং সনী দেওলের ছেলে রাজবীর দেওলের বিয়ের খবর। তবে সেই খবরকে একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন দুই তারকা-সন্তানের পরিচিত এক ব্যক্তি।
ওই সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই গুজবের পিছনে কোনও সত্যতা নেই। সারা আর রাজবীরের মধ্যে কখনও দেখা-সাক্ষাৎও হয়নি। সারা এখন একাই রয়েছেন এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত। অযথা এই ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে বলে মনে করছেন তিনি। সারা নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন ওই সূত্র। তাঁর বক্তব্য, সারা নিজের মতো করে মর্যাদা বজায় রেখে চলতে চান।
এর আগে এক পুরনো আলাপচারিতায় বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন সারা। ভাই অর্জুনের বিয়ের অনুষ্ঠান থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছিলেন। কী চান আর কী চান না, সে বিষয়ে তখনই তাঁর ধারণা পরিষ্কার হয়ে গিয়েছিল।
বিয়ের সাজ নিয়েও কথা বলেছিলেন সারা। ছোটবেলায় তিনি ভাবতেন, হালকা প্যাস্টেল রঙের সাজে সাজবেন। বিয়েটা বেশ জাঁকজমকপূর্ণ হবে বলেও আশা করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পছন্দ বদলেছে। এখন তিনি চান, বিয়েটা হোক একেবারে ঘরোয়া পরিবেশে, কাছের মানুষদের নিয়ে। কনে হিসেবে এখন লাল রঙের প্রতি তাঁর টান বেশি। তবে মজা করে সারা এ-ও বলেছিলেন, তিনি তুলা রাশির মানুষ, তাই সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়। শেষ পর্যন্ত সবুজ রংও বেছে নিতে পারেন।
উল্লেখ্য, এর আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। সেই জল্পনাও টেকেনি। এবার রাজবীরের সঙ্গে সম্পর্কের খবরকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া হল।