নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ঘন ঘন নিম্নচাপ, মাটির অভাব আর কারিগরের জোগানে টান – ত্রিমুখী সমস্যায় জেরবার আসানসোলের মূর্তি শিল্পীরা। কালীপুজোর মুখে চরম বিপাকে পড়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভার মহিষিলা পালপাড়ার শিল্পীরা। স্থানীয়রা এই পাড়াকে বলেন আসানসোলের কুমারটুলি।
এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় পনেরোটি মূর্তি তৈরির কারখানা রয়েছে। সারা বছরই এখানে প্রতিমা গড়ার কাজ চলে, কিন্তু এবছর পরিস্থিতি একেবারেই আলাদা।
শিল্পীদের অভিযোগ, প্রতিমা তৈরির জন্য স্থানীয় এঁটেল মাটির পাশাপাশি গঙ্গার মাটির প্রয়োজন হয়। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে গঙ্গার মাটি আনা যাচ্ছে না। তার উপর মূর্তি তৈরির অন্যান্য সামগ্রীর দাম আকাশছোঁয়া।
শিল্পী গীতা রুদ্র পাল বলেন, “আগে বাইরে থেকে দক্ষ কারিগর পাওয়া যেত, এখন সেই কারিগর আর আগের মতো পাওয়া যায় না। মাটি নেই, জিনিসপত্রের দাম বেশি, তার মধ্যে কারিগর সংকট। সামান্য লাভ রাখতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে।”
অন্য শিল্পী ডালিম চন্দ্র দে জানান, দুর্গাপুজোর পর কালীপুজোর আগে হাতে সময় খুব কম থাকে। তাই তাঁরা দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই কালী প্রতিমা গড়ার কাজ শুরু করে দেন। কিন্তু এবছর ঘন ঘন নিম্নচাপে সেই আগাম প্রস্তুতি পুরোটাই ভেস্তে গিয়েছে।
তিনি বলেন, “নিম্নচাপের জন্য আগে থেকে কাজ এগিয়ে রাখতে পারিনি। এখন কালীপুজোর ঠিক মুখে ফের নিম্নচাপের জন্য মূর্তি শুকোচ্ছে না, কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ভীষণ অসুবিধায় পড়েছি।”
সব মিলিয়ে প্রকৃতি ও প্রশাসনিক জটিলতার জোড়া ধাক্কায় এবার কালীপুজোর মরসুমে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন মহিষিলার মৃৎশিল্পীরা।