ওঙ্কার ডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। বোম মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট ছড়িয়ে পড়তেই বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরীর জগন্নাথ ধামে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। চলছে তল্লাশি। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, যদিও কোথাও কোনও বোমা মেলেনি। তবে তদন্তে নেমে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এই পোস্ট করা হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুরী থানার পুলিশ। কীভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে সে এমন পোস্ট করল, তা জানতে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। মন্দিরে ভক্ত সমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
মঙ্গলবার এই পোস্ট করা হয়। পোস্টে পুরীর জগন্নাথ মন্দিরকে বোমায় উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপর হামলার হুমকিও ছিল। সেই পোস্ট চোখে পড়ার পরই পুলিশের দ্বারস্থ হন সাংসদ।
পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, জগন্নাথ ধামে সর্বদা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। বোমা হুমকি আসার পর তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরের চারটি প্রবেশপথেই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও ভিড়ের উপর নজর রাখছে।
