নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলে ভোট গণনা শেষ হতেই বড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ত্রিশঙ্কু নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ নিয়ে যখন জল্পনা চলছে, তখনই তাঁর নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল অন্যতম শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম।
রক্ষণশীল হেরাডি ইহুদিদের দল হিসেবে পরিচিত ইউটিজে জানিয়েছে, তারা বিরোধী শিবিরের সঙ্গে যেতে আগ্রহী। এই দলটি বেরিয়ে গেলে নেতানিয়াহুর প্রধানমন্ত্রী পদে ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। এবার কোনও জোটই সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসক জোট পেয়েছে ৫৩টি আসন এবং অবসরপ্রাপ্ত জেনারেল গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন গিয়েছে আরব মুসলিমদের দুটি সংগঠনের দখলে।
শাসক জোটের ৫৩টি আসনের মধ্যে লিকুদ একা পেয়েছে ২৭টি। ইউটিজে পেয়েছে ৭টি। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আরিয়ে দেরির দল শাস ৬টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি ৬টি আসন পেয়েছে।
অন্যদিকে বিরোধী জোটে আইজেনকটের দল ইয়াশার একাই পেয়েছে ২১টি আসন। জোটের অন্য শরিক বি’ইয়াসাদ ১২টি, বামপন্থী দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং রুশভাষী ইহুদিদের দল ইজরায়েল বেইতেনু ৭টি আসনে জিতেছে। আরবদের জোট জয়েন্ট লিস্ট ১২টি এবং মনসুর আব্বাসের দল রা’আম ৮টি আসনে জয়ী হয়েছে। এই পরিস্থিতিতে ইউটিজে জোট ছাড়লে নেতানিয়াহু শিবিরের সংখ্যা আরও কমে যাবে।