ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ করার সময় এক বিএলও এর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় শনিবার রাতে কাজ করার সময় ওই বিএলও মাথা ঘুরে পড়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়া ওই বিএলও এর নাম তনুশ্রী হালদার নাইয়া। রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিএলও হিসেবে কর্মরত তিনি। শনিবার রাতে বুথে বসেই এসআইআর সংক্রান্ত কাজ করছিলেন তিনি। সেই সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। অজ্ঞান হয়ে পড়ার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান উপস্থিত লোকজন। সেখানে নিয়ে যাওয়ার পরে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তনুশ্রীকে। তাঁর পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে এসআইআর-এর কাজ করছিলেন তনুশ্রী। কাজের চাপেই অজ্ঞান হয়ে যান তিনি। বিষয়টি নিয়ে তনুশ্রীর স্বামী হীরালাল হালদার বলেন, ‘দিনরাত কাজ করতে হচ্ছিল তনুশ্রীর। এত চাপ ও নিতে পারছিল না। কাজের চাপেই জ্ঞান হারান।’
উল্লেখ্য, বিশেষ নিবিড় সমীক্ষার কাজে বিএলওদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একাধিক বিএলও কাজের চাপে আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। শনিবারই নদিয়া জেলার এক বিএলও সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন। যেখানে তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি। এদিনই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের হরিনারায়ণপুর পঞ্চায়েত এলাকার কমলপদ নস্কর নামের এক বিএলও অসুস্থ হয়ে পড়েন। তিনি ৩১ নম্বর বুথের বিএলও ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম সংগ্রহ করে ফেরার পথে মাথা ঘুরে পড়ে যান কমলপদ।
