ওঙ্কার ডেস্ক: বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। যা নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, বাংলায় কি এসআইআর করা হবে? এই প্রশ্নের জবাব দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এ বিষয়ে জানিয়েছেন, বাংলায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ বিষয়ে তিনি কিছু জানাতে পারবেন না বলে জানিয়েছেন। তবে বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ ছিল বলে জানিয়েছেন তিনি। সেই মতো কাজ এগোচ্ছে বলে জানান মনোজ আগরওয়াল। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন এলাকায় বিএলও দের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে কমিশন। শুক্রবার পূর্ব বর্ধমানে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, শনিবার কলকাতায় হবে, রবিবার হবে মেদিনীপুরে, সোমবার হবে জলপাইগুড়িতে। তবে এই প্রশিক্ষণ এসআইআর করার উদ্দেশে দেওয়া হচ্ছে কি না সে বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি।
সূত্রের খবর, অগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে। এই আবহে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান, প্রত্যেক বুথ লেভেল অফিসার বা বিএলও-কে আমরা প্রশিক্ষণ দেব। সবকিছুর জন্য প্রস্তুত রয়েছি। তবে এসআইআর যে আগে হয়েছে সে কথা মনে করিয়ে দেন তিনি।
