উৎসব মানেই আনন্দ, আলো আর আতশবাজির রোশনাই। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে রয়েছে এক অদৃশ্য বিপদ। বাজি ও পটকা পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ, সূক্ষ্ম ধূলিকণা এবং বিষাক্ত ধোঁয়া। যা শুধু আমাদের ফুসফুসের নয়, ত্বকেরও মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে এই ধোঁয়া আরও বেশি সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
কীভাবে ত্বকের ক্ষতি করে বাজির ধোঁয়া?
বাজির ধোঁয়ায় থাকা সূক্ষ্ম দূষিত কণা ত্বকের উপরিভাগে জমে ত্বকের স্বাভাবিক সুরক্ষাকবচকে দুর্বল করে দিতে পারে। এর ফলে দেখা দিতে পারে ত্বকে চুলকানি, লালচে ভাব, জ্বালাভাব এবং র্যাশের মতো সমস্যা। দীর্ঘক্ষণ দূষিত পরিবেশে থাকলে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। পাশাপাশি দূষণজনিত অক্সিডেটিভ স্ট্রেস ত্বকের অকাল বার্ধক্যের ঝুঁকিও বাড়াতে পারে।
বিষাক্ত ধোঁয়া থেকে ত্বক বাঁচাবেন কীভাবে?
১. ত্বক পরিষ্কার রাখুন: বাজি পোড়ানোর পরিবেশ থেকে বাড়ি ফেরার পর ভালোভাবে মুখ ও হাত ধুয়ে নিন। প্রয়োজনে মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন, যাতে ত্বকে জমে থাকা ধুলো ও দূষিত কণা দূর হয়।
২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ভালো মানের ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাকবচ ভালো রাখতে সাহায্য হবে।
৩. সানস্ক্রিম লাগাতে ভুলবেন না: দিনের বেলায় বাইরে বেরোলে SPF 30 বা তার বেশি সানস্ক্রিম ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর UV রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে সাহায্য করবে।
৪. পর্যাপ্ত জল পান করুন: শরীরের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন। পাশাপাশি ফল ও শাকসবজি খান, যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
৫. অপ্রয়োজনীয় স্কিন কেয়ার এড়িয়ে চলুন: দূষণের কারণে ত্বকে জ্বালাভাব বা সংবেদনশীলতা দেখা দিলে অতিরিক্ত স্ক্রাবিং, কড়া কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এবং নতুন স্কিন কেয়ার পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৬. ধোঁয়া থেকে দূরে থাকুন: যতটা সম্ভব বাজি পোড়ানোর জায়গা এড়িয়ে চলুন। জানালা-দরজা বন্ধ রাখুন এবং বাইরে গেলে প্রয়োজন অনুযায়ী ভালো মানের N95 মাস্ক ব্যবহার করুন।
মনে রাখবেন, উৎসবের আনন্দ যেন আপনার ত্বকের সৌন্দর্য ও সুস্থতার পথে বাধা হয়ে না দাঁড়ায়। সামান্য সচেতনতা, সঠিক স্কিন কেয়ার এবং দূষণ থেকে দূরে থাকার অভ্যাসই পারে আপনার ত্বককে অনেকটা সুরক্ষিত রাখতে। ত্বকে দীর্ঘস্থায়ী জ্বালা, র্যাশ বা অ্যালার্জির সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
উৎসব হোক আনন্দের, আপনার ত্বক থাকুক সুস্থ ও সুরক্ষিত!