অঞ্জনা দে ভৌমিকের কবিতা
উষ্ণতা
তোমার চোখের পাতায় লাজুক তারার ফুল
ফুটবে আবেগে ব্যাকুল
আমি নেব উষ্ণতা
যাকে তুমি ভালোবাসা বলো।
ছায়া
নিয়মের আলোয় পরতে পরতে অন্ধকার
রাতের বিছানায় নীরবতার গাঢ় বোধ
চাওয়া পাওয়ার বিভোর টানে
নিজেকে জীর্ণ বৃদ্ধ লাগে।
মায়া
অর্ধপথে অসমাপ্ত স্বপ্ন
অন্ধকারে মৃত্যুর আবরণে লুকিয়ে পড়া উপলব্ধি-
কাঁচের দরজা ঠেলে বাইরে দাঁড়ায় কিছু প্রশ্ন,
ভেজানো দরজা ঠেলে অন্ধকারে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়।
অস্পষ্ট শব্দ বন্ধ দরজায় !
শিয়রে বসে আছে রাত
কী জানি কিসের মায়ায় !