চোর
অসীম সেন
পর্ব-৩
হাসপাতালের কাজ চলতে থাকে। অচিন্ত্যর তদারকিতে একতলার কাজ প্রায় শেষ। ইতিমধ্যে গ্রামে হঠাৎ করে পুলিশ আসে। পতিতপাবনের বাড়িতে সার্চ করে। গোডাউন থেকে কয়েক হাজার কিলো মজুত চাল উদ্ধার করে পুলিশ। পুলিশকে ঘুষ খাইয়ে কোনওভাবে সে যাত্রা রক্ষা পায় পতিতপাবন। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। গ্রামের সুরক্ষা বাহিনীর মাথা হিসেবে সবাই অচিন্ত্যর নাম তোলে। অচিন্ত্য দায়িত্ব নিতে চায় না। তবে পতিতপাবনের হাত থেকে দায়িত্ব চলে যায় পাড়ার সুবলের হাতে। একদিন গিরিধারীর চায়ের দোকানে সকলে বসে আছে। তখন পতিতপাবন বলে, তোমরা যাই বলো না বাপু। আমার কিন্তু রকম সকম ভালো ঠেকছে না। শহর থেকে একটা ছেলে এল। বলল খবরের কাগজে কাজ করে। এতদিন হয়ে গেল এ গ্রামের কোনও খবর তো বেরালো না কাগজে। পতিতপাবনের কথা শুনে চোখ তুলে চাইলো তারিণী, তুমি কী বলতে চাইছো সরাসরি বলো তো বাপু !
– আমি যা বলব, তোমরা তো আমারই দোষ ধরবে। দিনকাল ভালো নয়। একজন মানুষ হঠাৎ করে আমাদের গ্রামের জন্য এত কিছু করছে কেন ? কী উদ্দেশ্য তার ?
পতিপাবনের কথা শুনে তালুকদার বললো, ওই যে বলল খবরের কাগজে কাজ করে।
– সে তো ও বলল। তোমরা ওর কোনও লেখা দেখেছ ? ও যে সত্যি বলছে তার মানে কী ?
কেউ মন থেকে পতিতপাবনের কথা মানতে পারল না। কিন্তু পতিতপাবনের বিরুদ্ধে কোনও যুক্তিও সাজাতে পারল না।
হাসপাতাল বাড়ি তৈরির কাজ শেষ। নতুন যন্ত্রপাতি আসছে শহর থেকে। পুরানো বাড়িটা মেরামতি করে ডাক্তার কোয়ার্টার তৈরি করা হয়েছে। অচিন্ত্য সপ্তাহে তিন-চার বার শহর যাতায়াত করছে। একদিন সন্ধ্যায় পতিতপাবন এলো বুড়ো শিবতলার আড্ডার ঠেকে। এসেই ফের সেই প্রসঙ্গ তুললো। বললো, আমি যা বলি সব তো ভুল। আমি নাকি চোর, আমার চালকলে পুলিশ হামলা করে। আর তোমাদের অচিন্ত্য ? পতিতপাবনের কথা শুনে তালুকদার জিজ্ঞাসা করলো, কী হয়েছে স্পষ্ট করে বলো তো ?
– আমার শালা শহরে সরকারি কাজ করে। দারুণ এলেমদার। সে খবর এনেছে। খবরের কাগজের অফিসে অচিন্ত্য নামে কেউ কাজ করে না। শুনে তো আমার আক্কেল গুড়ুম। পাঠিয়েছিলাম সরকারি দফতরে। সেখানে গিয়ে দেখে, আমাদের গাঁয়ে কোনও হাসপাতাল তৈরি হচ্ছে না সরকারের তরফে।
তারিনী বিসাফারিত চোখে বললো, কী বলছ তুমি ? তাহলে এত কিছু হচ্ছে কী করে ?
– তা কী করে বলব বাপু। আমি গাঁয়ের মানুষ। দু-চার বস্তা চাল সরিয়ে রেখেছিলাম। বিপদে আপদে কাজে আসবে বলে। সেই আমি হলাম গিয়ে চোর। তোমরা সবাই মিলে আমাকে সুরক্ষাবাহিনীর মাথা থেকে সরিয়ে দিলে। এবার বোঝ আসল চোর টা কে ? এ তো চোর নয়। রীতিমত ডাকাত।
দুজনের কথা শুনে এবার মুখ খুললেন বিধান ডাক্তার। বললেন, আমি এতক্ষণ সব কথা শুনছিলাম। কিন্তু আপনার কথা মানতে পারছি না পতিতপাবন বাবু।
– তা কী করে মানবেন ? মা মরা মেয়েটাকে পার করার এমন সুযোগ…
বিধান ডাক্তার গলা উঁচিয়ে বললেন, আপনি কিন্তু আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন।
– শুধু আমি নয় ডাক্তার বাবু, গ্রামের পাঁচটা লোক যে পাঁচটা কথা বলছে।
দুজনের তর্কাতর্কি দেখে তালুকদার বললো, তা এত কথা না বলে সকলে মিলে অচিন্ত্যর বাড়ি চলো। দুধ আর জল প্রমাণ হয়ে যাবে। তালুকদারের কথা শুনে বিধান ডাক্তার বললেন, আমি আসার সময় ওর বাড়ি গিয়েছিলাম। তালা ঝুলছে। পতিতপাবন বললো, ও কি আর আছে ? আমার শালা খোঁজ খবর নিয়েছে তা টের পেয়েছে নিশ্চই। এতক্ষণে পাখি ফুরুৎ। আমার কথা শোনও কাল সকালে ওর বাড়ি যাব। যদি না ফেরে, তালা ভেঙে ঘরে ঢুকব। কোথা থেকে গ্রামে চোর ডাকাত এলো, আমি সুরক্ষাবাহিনীতে থাকি বা না থাকি। আমার তো একটা দায়িত্ব আছে।
সকলে বাড়ি ফিরে যায়। অচিন্ত্য নিয়ে গোটা গ্রাম জুড়ে গুনগুন চলতে থাকে। তৈরি হয় ভিন্ন মত। সকাল বেলায় সকলে মিলে জড়ো হয় অচিন্ত্যর বাড়ি। ধীরে ধীরে এগিয়ে আসে বিধান ডাক্তার। হাতে একটা কাগজ। বললেন, কাল রাতে আমার বাড়ির সামনে কেউ ফেলে গেছে। আমি পড়ছি তোমরা শোনও।
একটা সাদা কাগজে লেখা চিঠি। অচিন্ত্য লিখেছে-
আবার পালালাম কাকা। পালাতে হবে জানতাম। কিন্তু এত তাড়াতাড়ি বুঝতে পারিনি। কাকা আমি অসীম। নিখিল মাষ্টারের ছেলে। সেদিন গোটা গ্রাম মিলে আমায় তাড়িয়ে দিয়েছিল। তার পরের দিন গভীর রাতে বাড়ি ফিরে জানলাম বাবা গলায় দড়ি দিয়েছে। সেদিন পাকাপাকি ভাবে চলে গেলাম শহরে। সেখানে কাজ করতে শুরু করলাম একটা মারোয়াড়ি শেঠের গদিতে। শেঠ আমাকে খুব ভালোবাসতেন। কিছুদিনের মধ্যেই গদির প্রায় পুরো দায়িত্ব এসে পড়ে আমার ওপর। শেঠের ছেলে মেয়ে কেউ ছিল না। আমাকেই ছেলে হিসেবে দেখত। এরপর আমি শুরু করি নিজের ব্যবসা। জাহাজের ব্যবসা। একটা থেকে এখন আমার নিজের পাঁচখানা জাহাজ আছে কাকা। এভাবেই দিন কাটছিল। একদিন হঠাৎ কাগজে পড়লাম দরবার মেলার কথা। এখানকার দুঃখ কষ্টের কথা। আবার পুরানো কথা মাথা চাড়া দিয়ে উঠল। ফিরে এলাম গ্রামে। আবার তোমাদের মাঝে ফিরে মনে হল যেন আমি আমার ঘরে ফিরে এসেছি। কাকা আজ আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে। কিন্তু নিজের বলে কেউ নেই। তোমাদের কাছে থাকার লোভটা সামলাতে পারিনি। কাকা আমি চুরি করিনি। পতিতপাবন চোরাই সোনার কারবার করত। আমি জানতে পেরে গিয়েছিলাম তাই আমাকে সরাতে চোরের বদনাম দিয়েছিল। আমি ওর চোরা কারবারের সব রিপোর্ট জমা দিয়েছি শহরে। এতক্ষণে শহর থেকে পুলিশ রওনা দিয়েছে। ধরা পড়েছে ওর শাগরেদ। সবাই সব জানতে পেরে যাওয়ার আগে আমি চললাম। হাসপাতালটাকে তৈরি করো। টাকা পয়সার কোনও অভাব হবে না। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এই গ্রামের কোনও মানুষ যেন আর চিকিৎসার অভাবে মারা না যায়। আর একটা কথা। কাকা হাসপাতাল টার নাম আমার বাবার নামে রেখ। তোমরা সবাই ভালো থেকো।
ইতি
অসীম
চারিদিকে নিস্তব্ধতা। কারও মুখে কোনও আওয়াজ নেই। মুখে আঁচল চাপা দিয়ে দৌড়ে চলে গেল পিয়ালী। তারিণী বললো, ছি ছি আমাদের কী নরকেও জায়গা হবে ? তালুকদার বললো, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করল, তাকেই কিনা আমরা চোর ভাবলাম। তা ডাক্তার কোনও ঠিকানা লিখে গেছে নাকি গাধাটা ? মাথা নাড়লেন বিধান ডাক্তার। আগামী পূর্ণিমায় হাসপাতালের উদ্বোধন হবে। উদ্বোধন করতে স্বয়ং মন্ত্রী আসবেন। হাসপাতালের নাম নিখিল মেমোরিয়াল দাতব্য চিকিৎসালয়।
কলকাতার আলিপুরে বিশাল বাংলো। বাইরে চার পাঁচটা বিদেশী গাড়ি দাঁড়িয়ে। ঘরে ইজি চেয়ারে গা এলিয়ে আছেন অসীম সেন। এক গ্লাস দুধ নিয়ে ঘরে ঢুকল বাড়ির চাকর।
– বাবু বাইরে এক ভদ্রলোক এসেছেন একজন দিদিমণি ওনার সঙ্গে।
– কী নাম বলল
– বিধান দত্ত
অসীম হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। অসীমকে দেখে উঠে দাঁড়ালেন বিধান, বললেন, এ তোমার কেমন বিচার অচিন্ত্য ? ও তোমার নাম তো অসীম। মা মরা মেয়েটাকে এমন ভাবে কাঁদালে কোন আক্কেলে ?
অসীম মাথা নীচু করে দাঁড়িয়ে। বিধান বললেন, তোমার মত ইডিয়েটকে কার না ভালো লাগে শুনি ? এবার আরষ্টতা নিয়ে অসীম বললো, কিন্তু কাকাবাবু ওরা যে আমাকে চোর ভাবে।
– কে তোমায় চোর ভাবে অসীম। গ্রামে গিয়ে দেখো। গ্রামের প্রতিটা ছেলে আজ তোমার মত হতে চায়। আর তুমি কিনা তোমার অধিকার ফেলে রাতের অন্ধকারে পালিয়ে এলে। আর শুধুমুধু কষ্ট দিলে আমার মেয়েটাকে। অসীম বললো, আমার অন্যায় হয়ে গেছে কাকাবাবু।