অর্পিতা মুখার্জী, কলকাতা: লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক তরুণী। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তাঁর মাকেও। সূত্রের খবর, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গড়িয়ার ফরতাবাদ এলাকায়।
জানা যাচ্ছে, শনিবার রাতে ঘটনাটি ঘটে ফরতাবাদের একটি ফ্ল্যাটে। মৃতের নাম সার্থক সরকার। বাড়ি বারাসতে হলেও ফরতাবাদে ভাড়া ফ্ল্যাটে থাকতেন তিনি। সেই ফ্ল্যাটেই তাঁর সঙ্গে থাকতেন প্রেমিকা সঞ্চালিকা বসু। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, অশান্তির মাঝেই ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন সঞ্চালিকা। গুরুতর জখম হন যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেপ্তার করে পুলিশ। খুনের ঘটনায় তিনি যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তবে শনিবার রাতে ঠিক কী কারণে সার্থক ও সঞ্চালিকার মধ্যে অশান্তি হয়, তা এখনও স্পষ্ট নয়। শুধু অশান্তির জেরেই এই হামলা, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের ঘটনায় অভিযুক্ত তরুণীর মায়ের ঠিক কী ভূমিকা ছিল, সেই প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারীরা।