কস্তুরী সেনগুপ্ত
শক্তিপূজার আসল তাৎপর্য নির্ভর করে সাধনার ওপর। সেই সাধনা হল যথার্থ তত্ত্ব উপলব্ধির জন্য সক্রিয় প্রচেষ্টা (চর্যা)। সাধারণ মানুষের কাছে ‘তন্ত্র’ শব্দটি রহস্যে আবৃত। কিন্তু তন্ত্রসাধনার বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে প্রবেশ না করে, যেখানে অন্যান্য নানা দার্শনিক বিচার ও চিন্তা সাধ্য তত্ত্বের স্বরূপ বিশ্লেষণ করে এবং তার লাভের পদ্ধতি নিয়ে আলোচনা করে, সেখানে ধর্মবিজ্ঞান হিসেবে তন্ত্র বিশেষ গুরুত্ব দেয়। একটা বাস্তবধর্মী সাধনা পদ্ধতির ওপর সরাসরি তত্ত্বলাভ করা যায়। মহাশক্তি মাতৃসাধনায় কিভাবে সিদ্ধিলাভ করা যায় ? এই প্রশ্নের উত্তরে তান্ত্রিকরা বলবেন, প্রধানত ‘যন্ত্র’ এবং ‘মন্ত্রে’র (আচার অনুষ্ঠান চর্যাদির) দ্বারা।
‘মন্ত্র’ বলতে আমরা এখানে বুঝবো মাতৃশক্তির শব্দময় রূপ — শব্দ প্রতীক। ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিক রূপান্তরের জন্য নিজে কিছু করে– কিছু একটা হয়ে ওঠার জন্য — প্রথম স্তরে আমাদের প্রয়োজন হয় একটি আত্ম প্রচেষ্টার। এই প্রচেষ্টা বা চর্যার প্রথম রূপটি হল সংকল্প। এই সংকল্প থেকে জাগ্রত হয় ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি ক্রমে পরিণত হয় একটি পরিপূর্ণ ‘অহংতায়’। ঈশ্বরের অহংতা বা ইচ্ছাই হলেন `শক্তি’। সাধনার পরবর্তী স্তর হল একটা ‘নাদ’ বা ধ্বনির অবস্থা। এই ধ্বনি বা নাদ হল মহাবিশ্বের কম্পন বা সংগীত। এই স্পন্দনেরই অধিকতর প্রকট রূপ হল এই পরিদৃশ্যমান বিশ্বসৃষ্টি। বর্ণের অক্ষরগুলি হল বিশ্বকম্পনের প্রাথমিক আকার। এই বর্ণগুলিকে স্বয়ং মহাশক্তিরই স্বরূপ বলা যায় না। এঁদের বলা হয় ‘মাতৃকা’। তন্ত্রের মধ্যে ‘মাতৃকা ‘সম্পর্কে পৌরাণিক ধারণাটি ক্রমশ বহুলাংশে পরিবর্তিত হয়ে এসেছে। অষ্টাদশ শতাব্দীর প্রসিদ্ধ শক্তি সাধক ভক্তকবি রামপ্রসাদ একটি সুন্দর মাতৃসঙ্গীতে বলেছেন যে, মা কালী হলেন ‘একপঞ্চাশৎ বর্ণময়ী’– একান্নটি বর্ণসমন্বিতা এবং মা কালীর প্রতিটি বর্ণের এক একটি নাম আছে। তন্ত্র মতে শক্তিপূজায় ‘অঙ্গন্যাস’ নামে একটি অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে দেহের প্রতিটি অঙ্গকে মাতৃ দেবীর কাছে সমর্পণ করা হয়। এর তাৎপর্য হল, এটা অনুভব করা যে, আমাদের স্থূল দেহের ও প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ এবং দেহের ভেতরে সকল প্রকার জৈব ক্রিয়া প্রক্রিয়া — সবই মহামায়ারই অংশবিশেষ। দেহধারী মানুষের এর ওপর কোন অধিকার নেই।
‘যন্ত্র’ শব্দের অর্থ হল- এমন একটি কল বা মাধ্যম যার সাহায্যে (মাতৃশক্তির) তত্ত্বকে উপলব্ধি করতে হবে। তান্ত্রিক সাধকদের মতে মানুষের দেহই হল তত্ত্ব উপলব্ধির সর্বশ্রেষ্ঠ মাধ্যম। তাঁদের মতে, এই মানবদেহ বিশ্বসংসারের একটি সাধারণ বস্তুমাত্র নয়। এটি হল স্বয়ং বিশ্বেরই একটি ক্ষুদ্র সংস্করণ, মহাবিশ্বের সঙ্গে তুলনায় একটি অণুবিশ্ব। এই ধারণার বশবর্তী হয়েই তান্ত্রিক সাধকরা মানবদেহের স্নায়ুতন্ত্রের মধ্যে প্রসিদ্ধ নদী, মেরুদন্ডের মধ্যে পর্বত এবং দেহের বিভিন্ন অংশে প্রসিদ্ধ তীর্থস্থান, সূর্য এবং চন্দ্র যা বহির্বিশ্বের কালের পরিমাপ করে দিবারাত্র, পক্ষ, মাস এবং বৎসর প্রভৃতি বিভাগে — এসবের সবকিছুকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন মানবদেহে মহাবায়ু, প্রাণ- অপান প্রভৃতি বায়ুর গতির সাহায্যে।
মহা শক্তির দুটি সম্পূর্ণ বিপরীত অবস্থা আছে। একটি হচ্ছে তাঁর স্থূল বস্তুগত অবস্থা — এই অবস্থায় তিনি নিজের সৃষ্টির বস্তুনিচয়ের মধ্যেই আবদ্ধ হয়ে আছেন বলে মনে হয়। এই অবস্থায় তিনি কুন্ডলীর মধ্যে গভীর নিদ্রায় মগ্ন হয়ে থাকেন। অপরটি হচ্ছে তাঁর সম্পূর্ণ জাগ্রত অবস্থা। এই অবস্থায় তিনি পরমানন্দময়ী পূর্ণ জ্ঞানস্বরূপিনী — দেবাদিদেব মহাদেবের সঙ্গে একীভূতা।
রামপ্রসাদের জীবনে এই সত্যটি যথার্থভাবেই মূর্ত হতে দেখা যায়। জনশ্রুতি অনুসারে জানা যায় যে, শক্তিরূপিনী মা রক্তমাংসের দেহে তাঁর প্রিয় শিশু কন্যারূপে তাঁকে চালাঘরের বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন।