ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। কিন্তু তাতেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরেনি পড়ুয়ারা। এখনও দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা জমায়েতে সামিল হাজার হাজার পড়ুয়া। শুক্রবারই দেশজুড়ে পথে নামতে চলেছে বাম ছাত্র সংগঠনগুলি। তাদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই আবহে সিজেপি ও বামেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এদিনই পথে নামার সিদ্ধান্ত নিয়েছে সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন।
সূত্রের খবর, ছাত্র সংগঠন এবিভিপি ছাড়াও সঙ্ঘের শিক্ষক-অধ্যাপকদের সংগঠন এবিআরএসএম, বিএসএম, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক সংগঠন বিদ্যা ভারতী-সহ অন্তত ছটি সংগঠন একযোগে পথে নামার ডাক দিয়েছে। রাজ্যের সমস্ত জেলায় তারা কর্মসূচি স্থির করেছে। আগামী দিনে শহর কলকাতাতেও কেন্দ্রীয় মিছিল হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে শুক্রবার যেমন প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনের সদস্যরা। তেমনই ঝাড়গ্রামে এদিন বিকেল সাড়ে চারটেয় পাঁচমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান মিছিল শুরু হবে। যা শেষ হবে পথসভা দিয়ে। এ ছাড়া বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানেও মিছিল, পথসভার আয়োজন করা হয়েছে।