ওঙ্কার ডেস্ক: শীতকালীন অধিবেশন শুরুর আগেই সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর বসবে লোকসভার বিশেষ অধিবেশন। ২ ডিসেম্বর অধিবেশন হবে রাজ্যসভায়। বৃহস্পতিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই ঘোষণা করেন। আর তাঁর ঘোষণার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠছে, এই বিশেষ অধিবেশনেই কি মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ করতে চলেছে কেন্দ্র?
মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল সংসদে পাশ করানো দীর্ঘদিন ধরেই এনডিএ সরকারের অন্যতম লক্ষ্য। তবে লোকসভা ও রাজ্যসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা নিয়ে শাসক শিবিরের মধ্যে কিছুটা সংশয় ছিল। সেই অঙ্ক মেলাতেই সময় নিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। এর মধ্যেই রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদ এনডিএকে সমর্থনের কথা জানিয়েছেন। ফলে তাঁদের সাংসদ হিসেবে স্বীকৃতি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সংসদে সংখ্যাগরিষ্ঠতার হিসাব অনেকটাই নির্ভর করছে তাঁদের অবস্থানের উপর। কিন্তু এখনও পর্যন্ত এই দলবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। লোকসভার স্পিকার ওম বিড়লা সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দলবদলে এখনও অনুমোদন দেননি।
এদিকে, তৃণমূলের প্রকৃত পরিচয় নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করবে। ফলে তৃণমূলের রাজনৈতিক পরিচয় এবং দলবদল করা সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জটিলতা এখনও কাটেনি।২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করানো কেন্দ্রের শাসক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিল নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। মহিলা ক্ষমতায়নের স্বার্থে সংরক্ষণ বিল কার্যকর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, কোনও শক্তিই এই উদ্যোগ আটকে রাখতে পারবে না।
এর আগে সংসদের অধিবেশনে এই বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায় করতে পারেনি শাসক শিবির। ফলে বিল পাশ করানোর পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছিল কেন্দ্রকে। তবে এবার আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না এনডিএ। শীতকালীন অধিবেশনেই বিল দুটি পাশ করানোর লক্ষ্যে রয়েছে সরকার। তার আগেই বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত সেই তৎপরতারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।