ওঙ্কার ডেস্ক: উৎসবের মরশুম শেষ হতেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ নভেম্বর কলকাতায় তাঁর আসার কথা রয়েছে। বিজেপির ‘সংবিধান গৌরব’ কর্মসূচিতে অংশ নিতেই এই সফর বলে দলীয় সূত্রে খবর। পুজোর সময় দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন শাহ। প্রায় দেড় মাসের ব্যবধানে আবারও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
১৯৫০ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর দেশে পালিত হয় সংবিধান দিবস। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। এ বছর পশ্চিমবঙ্গে এক সপ্তাহ ধরে ‘সংবিধান গৌরব’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার থেকেই রাজ্যে এই কর্মসূচির সূচনা করেছে গেরুয়া শিবির। আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই কলকাতায় আসার কথা অমিত শাহের। ৩০ নভেম্বর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
যদিও শাহের এই বঙ্গ সফর নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাজ্য সরকার বা বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে দলীয় সূত্রের দাবি, তাঁর সফরের বার্তা ইতিমধ্যেই দিল্লি থেকে এসেছে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে। তবে শাহের সফর ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কারণ, আগামী ৩০ নভেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসার কথা। ওই অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি প্রয়োজন। ফলে সংসদের বিশেষ অধিবেশন এবং কলকাতার কর্মসূচি একই দিনে পড়ায় তাঁর বঙ্গ সফরের সূচি বদল হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।