ওঙ্কার ডেস্ক : এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের অভিজ্ঞতা, আবেগ এবং দলের ভেতরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। ম্যাচ চলাকালীন ৮-৯ ওভারের মাথায় তাঁর এতটাই দুশ্চিন্তা বাড়ে যে মাঠে দাঁড়িয়ে থাকতে পারেননি, সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের জুটি দেখে তিনি খানিকটা স্বস্তি পান। পাশাপাশি শিবম দুবের ব্যাটিংও তাঁকে ভরসা জোগায়।
তবে শুধু ম্যাচের ভেতরের টানটান উত্তেজনা নয়, বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হাত মেলানো প্রসঙ্গ। পাকিস্তান দলের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়ে সূর্যকুমারের মন্তব্য, “এটা আমার একার সিদ্ধান্ত নয়। পুরো টিম এবং সাপোর্ট স্টাফ একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশকে সম্মান জানানোই আমাদের কাছে বড়।” যদিও ভবিষ্যতে একই সিদ্ধান্ত বহাল থাকবে কিনা, সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু জানাননি।
অধিনায়কের কথায়, কোচ গৌতম গম্ভীরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কৌশলগত দিক নয়, মানসিকভাবে প্রস্তুত হতে গম্ভীর সব সময় খেলোয়াড়দের পাশে থেকেছেন। দুবেকে নতুন বল দিয়ে বোলিং করানোর মতো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও আসে তাঁর কাছ থেকেই। সূর্যকুমার জানিয়েছেন, অধিনায়কত্বের কারণে নিজের ব্যাটিংয়ে বাড়তি চাপ অনুভব করছেন না। বড় রান না এলেও তিনি আত্মবিশ্বাসী যে ছন্দে ফিরবেন। তাঁর মতে, পাকিস্তানের ইনিংসে ভারতীয় বোলারদের দারুণ প্রত্যাবর্তনই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১২-১৩ ওভারে পাকিস্তানের রান ছিল ১১৩/১, কিন্তু শেষ পর্যন্ত তারা থেমে যায় মাত্র ১৪৬ রানে। সেখান থেকেই ম্যাচ ঘুরে যায় ভারতের দিকে।
ট্রফি হাতে না পেলেও দলের উচ্ছ্বাসে কোনও খামতি ছিল না বলে জানান সূর্যকুমার। তাঁর কথায়, আসল পুরস্কার ছিল মাঠের ভেতরে লড়াই আর জয়ের আনন্দ, সেটাই দলের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
