ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করায় যে বিতর্কের সূত্রপাত হয়েছিল। তা এখনও জিইয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের তরফে দাবি জানানো হয়েছিল, এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর জন্য। কিন্তু সূত্রের খবর, পাকিস্তানের সেই দাবি মানছে না আইসিসি। বিষয়টি যে কোনও সময় সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের।
রিপোর্ট অনুসারে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানো প্রসঙ্গে আইসিসি কর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি খারিজ করে দিয়েছেন। খুব শীঘ্রই পাক ক্রিকেট বোর্ডের চিঠির জবাব দেওয়া হবে। আইসিসি সূত্রের দাবি, করমর্দন বিতর্কে পাইক্রফ্টের ভূমিকা ছিল ধর্তব্যের বাইরে। তিনি কেবলমাত্র পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে সতর্ক করে একটি বার্তা দিয়েছিলেন। টসের সময় করমর্দনকে ঘিরে যাতে প্রকাশ্যে কোনও খারাপ পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি পাইক্রফ্টের অপসারণ চেয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন। তিনি লিখেছেন, ‘আইসিসির কাছে দাবি জানিয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণ করতে হবে।’ অন্য দিকে পাকি ক্রিকেট বোর্ড আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, তাদের দাবি মানা না হলে এশিয়া কাপে তাদের পরবর্তী ম্যাচ খেলবে না বলে। যদিও আগামী ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। গ্রুপের শেষ ম্যাচে ওই দিন পাক ক্রিকেটাররা খেলতে নামেন কি না তা এখন অনিশ্চয়তার মধ্যে।
