স্পোর্টস রিপোর্টার : ফুটবলে দৈত্য। ৪ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইটালি। গতবার আর আসন্ন ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই না করলেও ইটালির ফুটবল ডিফেন্স মানে নস্ট্রালজিয়া। ক্রীড়া প্রেমী দেশও বটে তাই তো সপ্তাহের প্রথম কাজের দিনে সকালে ইডেনে যেখানে ১০ ভাগের এক ভাগ দর্শক এসেছিলো সেখানে ইটালি থেকেও দর্শক এসেছিলেন ক্রিকেটের নন্দনকাননে দেশকে প্রথমবার দেখতে। এসেছিলেন হাতে গোনা কিছু সাংবাদিকও। তবে বিশ্বকাপে অভিজ্ঞ স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হারতে হল মালদিনর দেশকে।
টস জিতে বোলিং নেয় ইটালি। ম্যাচের শুরুতেই ড্রাইভ মারতে গিয়ে ইটালি অধিনায়ক ওয়েন ম্যা ডসনের চোট পান ড্রাইভ মারতে গেলে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে বলা হয় চোট গুরুতর। হয়ত পুরো বিশ্বকাপেই খেলতে পারবেন না ইটালি অধিনায়ক। স্কটল্যান্ড ব্যাটিং ঝড় শুরু করে প্রথমেই।ওপেন করতে নেমে স্কটল্যান্ডের জর্জ মুনসে শুরু থেকেই ঝোড়ো মেজাজে ব্যাট করেন। অন্য প্রান্তে মিচেল জোন্স হাল ধরে রেখেছিলেন। জর্জ মুনসের ৫৪ বলে বিধ্বংসী ৮৪ রানের ইনিংসই স্কটল্যান্ডের বড় স্কোরের ভিত তৈরি করে দেয়। তাঁর ব্যাট থেকে আসে ১৩টি চার ও ২টি ছয়। মিচেল জোন্স ৩০ বলে করেন কার্যকরী ৩৭ রান। তিন নম্বরে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন মাত্র ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন, যেখানে ছিল ৪টি ছয়। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মাইকেল লিস্ক আবার ৫ বলে ঝোড়ো ২২ রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কটল্যান্ড তোলে ২০৭ রান। এই বিশ্বকাপে কোনও দল প্রথম বার ২০০ রানের গণ্ডি টপকাল।বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ইটালি। পাওয়ার প্লেতেই ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। বিপর্যয়ের মধ্যেও লড়াই চালান দুই আজ়ুরি ভাই— হ্যারি ম্যানেন্তি ও বেন ম্যানেন্তি। চতুর্থ উইকেটে তাঁরা ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
হ্যারি ২৫ বলে ৩৭ রান করেন, যেখানে ছিল ৩টি ছয় ও একটি চার। তিনি আউট হতেই আবার ভেঙে পড়ে ইতালির ব্যাটিং। তবে বেন ম্যানেন্তি একপ্রান্ত আগলে রেখে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ৫২ রানের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়। ইটালির প্রথম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করে ইতিহাস লিখলেন বেন ম্যানেন্তি। বাকিরা উল্লেখযোগ্য কিছু করতে না পারায় ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইটালি।
