স্পোর্টস রিপোর্টার : আইপিএল থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজ তথা কেকেআর অল রাউন্ডার আন্দ্রে রাসেল। রাসেল বলেন, “আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের বিভিন্ন লিগে এবং কেকেআরের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে আমার দারুণ সময় কেটেছে, অনেক স্মরণীয় মুহূর্ত আছে। ছক্কা হাঁকানো, ম্যাচ জেতানো, এমভিপি হওয়া – সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। এই সিদ্ধান্ত নেওয়ার সময় মনে হয়েছিল এটাই সঠিক। আমি ধীরে ধীরে হারিয়ে যেতে চাই না, একটি ঐতিহ্য রেখে যেতে চাই। যখন ভক্তরা বলে ‘কেন? তোমার তো এখনও অনেক কিছু দেওয়ার আছে, আরও কিছুদিন খেলতে পারতে’, সেই সময়েই অবসর নেওয়া উচিত। এর চেয়ে ভালো ‘তোমার তো অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল’, এমন কথা শুনতে চাই না।”
যখন সোশ্যাল মিডিয়ায় দেখি অন্য দলের জার্সিতে আমাকে ফটোশপ করা হয়েছে, তখন অদ্ভুত লাগতো। বেগুনি ও সোনালি ছাড়া অন্য কোনো রঙে নিজেকে দেখতে ভালো লাগত না, এই ভাবনাগুলো আমাকে বেশ কিছু বিনিদ্র রজনী উপহার দিয়েছে। পাওয়ার কোচ নামটি শুনেই আমার মনে হয়েছে, এটি আন্দ্রে রাসেলকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। ব্যাটিংয়ে আমার যে শক্তি, বল হাতে মাঠে আমার যে উদ্দীপনা, তা দিয়ে আমি যে কোনও বিভাগেই সাহায্য করতে পারি। করব, লড়ব, জিতব।”
আইপিএলে প্লেয়ার রেজিস্ট্রেশনের রবিবারই শেষ দিন। সেদিনই রাসেল এই ঘোষণা করলেন। ২০১৪ ও ২০২৪ সালে কেকেআরের আইপিএল খেতাবজয়ী দলের সদস্য রাসেল ২০১৯ সালে আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন। কেকেআরের জার্সি গায়ে ১৬টি ম্যাচে তিনি ম্যাচের সেরাও হয়েছেন। ২০১২ সালে দিল্লী ডেয়ারডেভিলস থেকে এসে কেকেআরের হয়ে ১৩৩টি ম্যাচে ২৫৯৩ রান করার পাশাপাশি বল হাতে ১২২টি উইকেট নিয়েছেন।
