ওঙ্কার ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় বার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছিল গত ২৪ আগস্ট থেকে। কিন্তু গত নয় দিনে যত সংখ্যক আবেদন জমা পড়েছে তা যথেষ্ট উদ্বেগজনক। এসএসসি সূত্রের খবর, গত নয় দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জনের আবেদনপত্র জমা পড়েছে।
উল্লেখ্য, গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দাগি’ চাকরিহারাদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। যাতে ১৮০৬ জনের নাম ছিল। তবে যে যোগ্য চাকরিহারারা রয়েছেন তাঁদেরকে নতুন নিয়মে পরীক্ষা দিতে হবে। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার জন্য পোর্টাল খুলেছে এসএসসি। গত ২৪ আগস্ট থেকে সেই আবেদন শুরু হয়ে চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার শর্ত ছিল স্নাতক স্তরে অন্তত ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। যা পরে বদল করে এসএসসি। কমিশন পরবর্তীতে নিয়ম করে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। এসএসসির এই নিয়মের বিরোধিতা করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আগের নিয়মে তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার পরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে কমিশন। কিন্তু আবেদনকারীর সংখ্যা ভাবনার উদ্রেক করেছে।
অন্য দিকে যোগ্য চাকরিহারারা, নিজেদের চাকরি ফিরে পেতে বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর তাঁরা বিধানসভা অভিযান করবেন বলে ঘোষণা করেছেন। যোগ্যদের চাকরি ফেরত দিতে রাজ্য বিধানসভায় অধিবেশন ডাকার দাবি করেছেন তাঁরা।
