নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বেআইনি অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ৩৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ১২২ রাউন্ড কার্তুজ ও দুটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। একইসঙ্গে বীরভূমের মুরারই থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।
শুক্রবার দুর্গাপুরে STF দফতরে সাংবাদিক বৈঠক করে এই সাফল্যের কথা জানান STF-এর এসপি সিদ্ধার্থ ধাপোলা।
STF সূত্রে খবর, তদন্তের শুরু গত ৩০ জুলাই। ওই দিন জামুড়িয়া থানার বেলবাইড মোড় থেকে গ্রেফতার করা হয় খাইরুল আলম চৌধুরী ওরফে গদাই শেখকে। তাকে জেরা করতেই সামনে আসে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের নাম। তদন্তে জানা যায়, বিহারের মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হত।
এরপর ৪ আগস্ট ঝাড়খণ্ডের রাঁচি থেকে ধরা পড়ে মহম্মদ সামশের হুসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ আগস্ট অন্ডালের একটি পরিত্যক্ত ECL আবাসন থেকে উদ্ধার হয় ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন। এরপর ২৬ অক্টোবর পাণ্ডবেশ্বরের ডালুরবাদ থেকে গ্রেফতার করা হয় শেখ সাহাজাহান ওরফে সাহাজানকে। তাকে হেফাজতে নিয়ে জেরার পর ৩ ও ৫ নভেম্বর পাণ্ডবেশ্বরের ধান্যভাঙা গ্রামে অভিযান চালায় STF।
দক্ষিণ সামলা কোলিয়ারির কাছে কৃষিজমির মধ্যে গোপন জায়গায় লুকিয়ে রাখা ছিল অস্ত্র। সেখান থেকে উদ্ধার হয় ৬টি দেশি লম্বা বন্দুক, ৪টি দেশি পিস্তল ও ১১টি দেশি একনলা পাইপগান। এছাড়া ৮ এমএম-এর ৪৭ রাউন্ড ও ৭.৬৫ এমএম-এর ১৮ রাউন্ড কার্তুজও মেলে। সব মিলিয়ে এই মামলায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ১২২ রাউন্ড কার্তুজ। জামুড়িয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
অন্যদিকে, ৪ ও ৫ নভেম্বর রাতে মুরারই থানার পুলিশের সহযোগিতায় বীরভূমের বারুয়া গোপালপুরে অভিযান চালায় STF। সেখান থেকে গ্রেফতার করা হয় মহম্মদ রেজা শেখ (৫৬) ও মুকেশ সিং (৪৯)-কে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১৫০টি জিলেটিন স্টিক, ১০৬৪টি ডিটোনেটর এবং ৩২টি বৈদ্যুতিক তারের রোল। প্রতিটি রোলে ৩৭৫ মিটার করে তার ছিল।
প্রাথমিক জেরায় ধৃতরা ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে বিস্ফোরক মজুত ও সরবরাহের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে STF। মুরারই থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। STF জানিয়েছে, রাজ্যে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচার রুখতে অভিযান চলবে।