ওঙ্কার ডেস্ক: ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ। একটি মাজারের ভিতরে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৬৯ জনের। জখম হয়েছেন প্রায় ১৬৯ জন। জানা গিয়েছে, শুক্রবার ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবরগায় এই বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, এদিন দুপুরে শিয়াদের উপাসনালয়ের প্রধান গেটে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। পুলিশকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিল নিরাপত্তারক্ষীরা। তার পর জোরালো শব্দে বিস্ফোরণ হয়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের জেরে গেটের কাঠামোর ক্ষতি হয়েছে। স্থানীয় বাড়িগুলির জানালা ভেঙে গিয়েছে। ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তা জুড়ে। বিস্ফোরণের পর, পুলিশের তরফে শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এ নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ হয়। যে ঘটনার তিন মাস এখনও অতিক্রান্ত হয়নি। তার মধ্যে এদিনের বিস্ফোরণের ঘটনা ঘটল। নভেম্বরের ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি জখম হন।
