নামটা হয়তো অনেকের কাছেই খুব একটা পরিচিত নয়, কিন্তু একবার সুইট পি ফুল দেখলে তার সৌচন্দর্য সহজেই মন কেড়ে নেবে। প্রজাপতির মতো দেখতে রঙিন, কোমল পাপড়ি আর মিষ্টি সুবাসের জন্য এই ফুল বাগানপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়। গোলাপি, বেগুনি, সাদা, নীল, লাল-সহ নানা রঙে ফুটে ওঠে সুইট পি। শীতের বাগানে রঙের বাহার বাড়াতে এই ফুলের জুড়ি মেলা ভার। তবে গাছে প্রচুর ফুল পেতে হলে জানতে হবে সঠিক পরিচর্যার কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম।
১. সঠিক সময়ে বীজ বপন: সুইট পি মূলত শীতকালীন ফুল। অক্টোবর থেকে নভেম্বর মাস বীজ বপনের উপযুক্ত সময়। বীজ বপনের আগে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গমে সুবিধা হতে পারে। ঝুরঝুরে মাটিতে প্রায় ১ ইঞ্চি গভীরে বীজ পুঁতে দিন।
২. মাটি তৈরি: এই গাছের জন্য জলনিকাশি ব্যবস্থা ভালো এমন মাটি প্রয়োজন। বাগানের মাটির সঙ্গে পরিমাণমতো ভার্মি কম্পোস্ট বা পচা গোবর সার, কোকোপিট ও বালি মিশিয়ে নিতে পারেন। মাটি যেন কখনও অতিরিক্ত শক্ত বা জল জমে থাকার মতো না হয়।
৩. পর্যাপ্ত রোদ: সুইট পি গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদ প্রয়োজন। পর্যাপ্ত আলো পেলে গাছ সতেজ থাকে এবং ফুলের সংখ্যাও বাড়ে। তবে অতিরিক্ত গরমে গাছকে কিছুটা সুরক্ষিত রাখতে হবে।
৪. জল দেওয়ার নিয়ম: মাটির উপরিভাগ শুকিয়ে এলে জল দিন। নিয়মিত আর্দ্রতা বজায় রাখুন, কিন্তু টবের মধ্যে যেন জল না জমে। অতিরিক্ত জল শিকড় পচিয়ে দিতে পারে।
৫. গাছকে অবলম্বন দিন: সুইট পি একটি লতানো গাছ। তাই গাছ একটু বড় হলেই বাঁশের কাঠি, জাল বা ট্রেলিসের ব্যবস্থা করুন। এতে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুলও ভালোভাবে ফুটবে।
৬. বেশি ফুল পাওয়ার কৌশল: গাছের বৃদ্ধির সময় অল্প পরিমাণে জৈব সার দিতে পারেন। ফুল আসার সময় অতিরিক্ত নাইট্রোজেন সার এড়িয়ে চলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুকিয়ে যাওয়া ফুল নিয়মিত ছেঁটে দিন। ফুলের পরিবর্তে বীজ তৈরি হওয়া আটকালে গাছে নতুন নতুন ফুল আসতে উৎসাহ পায়।
এছাড়া গাছের পাতা হলুদ হয়ে গেলে বা পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।
সঠিক পরিচর্যা, পর্যাপ্ত রোদ, নিয়মিত জল এবং একটু যত্নেই আপনার ছাদবাগান বা বারান্দা ভরে উঠতে পারে সুইট পি-র মনমুগ্ধকর ফুলে। তাই এবারের শীতের বাগানে নতুনত্ব আনতে অবশ্যই লাগিয়ে দেখতে পারেন এই অপূর্ব সুন্দর ফুলটি।