ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরে ‘বন্দেমাতরম’ গানটি সম্পূর্ণ গাওয়া নিয়ে কংগ্রেস ও ওমর আবদুল্লাহর মধ্যে আকচাআকচি শুক্রবারও অব্যাহত। জম্মুকাশ্মীর কংগ্রেসের প্রধান এই বিতর্কে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর মন্তব্যকে “বাস্তব-বর্জিত” বলে অভিহিত করেছেন।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের একটি অনুষ্ঠানে জাতীয় গান বন্দেমাতরমের সম্পূর্ণ সংস্করণ বাজানো হয়েছিল। এর পর কংগ্রেস আপত্তি জানায়। হাত শিবির ওমর আবদুল্লাহকে পরামর্শ দেয়, শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়া উচিত। তবে ন্যাশনাল কনফারেন্স নেতা সেই পরামর্শ প্রত্যাখ্যান করেন। তিনি উল্লেখ করেন, সরকারি অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর সম্পূর্ণ সংস্করণ গাওয়া আইনত বাধ্যতামূলক। তা লঙ্ঘন করা হলে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। আবদুল্লাহ প্রশ্ন তোলেন, ‘কংগ্রেস কি চায়, এই ইস্যুতে কাশ্মীরিদের জেলে পাঠানো হোক?’
জোটসঙ্গী ওমর আবদুল্লাহর এই ঝাঁঝালো মন্তব্যের জবাবে জম্মুকাশ্মীর কংগ্রেস প্রধান তারিক হামিদ কাররা বলেন, তিনি আশা করেছিলেন, জম্মুকাশ্মীর সরকার ‘মেরুদণ্ড সোজা রেখে’ অবস্থান নেবে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা শুধুমাত্র জম্মুকাশ্মীর সরকারের কাছে ছিল, সেখানে সাধারণ মানুষের প্রসঙ্গ কীভাবে এল? এই বিতর্কের সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই। সরকারের কাছেই প্রত্যাশা, তারা মেরুদণ্ড সোজা রেখে অবস্থান নেবে।’ মুখ্যমন্ত্রীর উদ্দেশে দুটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখে তিনি বলেন: ‘কেরল সরকার যখন স্বাধীনতা দিবসের প্যারেডে ‘বন্দেমাতরম’-এর কেবল প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন কি সেখানকার একজন ব্যক্তিও জেলে গিয়েছিলেন?’