২০২৭ বিশ্বকাপে বিরাট কোহলি আর রোহিত শর্মার দলে থাকা নিয়ে সংশয় রয়েছে। তবে ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পেসার আশিস নেহেরা কিন্তু খানিকটা হলেও সিনিয়রদের দিকেই ঝুঁকে। তিনি এদিন সিএবির বার্ষিক অনুষ্ঠানে এসে জানালেন, ‘যে কোনও খেলাতেই ২-৩ সপ্তাহ আগে পরিস্থিতি বদলে যেতে পারে। যদি ওরা ভাল খেলে তা হলে কেন বিশ্বকাপে খেলবে না ? এই ধরনের ক্রিকেটারদের বাদ দেওয়া কোনও কোচ বা অধিনায়কের পক্ষে সহজ নয়। ওরা আগে কী করেছে তা নিয়ে আলোচনা করছি। আগামী ১৩ মাস লম্বা সময়। তাই এখনই বলা মুশকিল রোহিত আর কোহলি খেলবে কি না। ওদের কাছে বয়স স্রেফ সংখ্যা।”
ভারতের অধিনায়ক শুভমন গিলকে নিয়ে নেহেরা জানালেন, ‘শুভমন একটু চাপা, লাজুক। তাতে অসুবিধা নেই। সকলেই আলাদা হয়। ঠিক-ভুল কিছু নেই। হার্দিকের মতো অত কথা বলতে দেখিনি শুভমনকে। তবে যা বলে সরাসরি বলে। শেখা এবং দেখার ব্যাপারে খুব আগ্রহী। এখনও উন্নতি করছে। মাত্র ২৬-২৭ বছর বয়স। দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে না। সবে এক-দু’ মরসুম গিয়েছে। নতুন কিছু শিখলে আরও উন্নতি করবে।
গুজরাতের কোচ হিসাবে নেহরা দলকে আইপিএল জিতিয়েছেন, ফাইনালেও তুলেছেন। কোনও দিন যদি ভারতের কোচ হওয়ার প্রস্তাব আসে? নেহরার জবাব, “উচ্চাকাঙ্ক্ষায় বিশ্বাসী নই। তবে ভারতের কোচ হলে সম্মানিত বোধ করব। কখনও এ ভাবে পরিকল্পনা করিনি। দেখা যাক ভবিষ্যতে কী হয়। এখন যেখানে আছি খুশিতে আছি। অনেকেই বলে গুজরাতের কোচ হিসাবে আমি দারুণ কাজ করেছি। কিন্তু আমি একা নয়। গোটা দলের অবদান রয়েছে। হ্যাঁ, ভারতের মতো দেশে কোচ, অধিনায়ককে সব কৃতিত্ব দেওয়া হয়। আমি তার বিরুদ্ধে।