নিজস্ব প্রতিনিধি, সোনামুখী: বাঁকুড়ার সোনামুখী শহরের ধর্মতলায় আজও এক অন্যরকম কালীপুজো হয়। এখানকার মায়ের নাম ‘সার্ভিস কালী’। নাম শুনেই বোঝা যায়, এই মায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে চাকরি পাওয়ার বিশ্বাস। স্থানীয়দের দাবি, মায়ের কাছে মন থেকে প্রার্থনা করলেই মিলবে চাকরি। আর এই বিশ্বাস নিয়েই প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের আরাধনা করে আসছেন সোনামুখীর মানুষ।
কীভাবে এল ‘সার্ভিস কালী’ নাম?
এই নামের পিছনে রয়েছে এক জনশ্রুতি। আনুমানিক ১৯৪০ সালের কথা। সোনামুখী শহরের ধর্মতলায় সারকুঁরের উপরে কালীপুজো করতেন এলাকার কিছু যুবক। বেকারত্বের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন তাঁরা। এরপর মায়ের কাছে তাঁরা মানত করেন, চাকরি পেলে মায়ের পুজো ধুমধাম করে বড় আকারে করবেন। কথিত আছে, মা তাঁদের কথা শুনেছিলেন। পরের বছরই ওই যুবকরা বিভিন্ন সংস্থায় চাকরি পেয়ে যান। তারপর থেকে ধর্মতলায় ধুমধাম করে কালীপুজো শুরু হয়। আর মায়ের নাম হয়ে যায় ‘সার্ভিস কালী’।
সেই থেকে আজও সোনামুখীর মানুষ এই বিশ্বাস নিয়ে মায়ের পুজো করেন। বর্তমানে এই পুজোর দায়িত্ব রয়েছে গ্রাম ষোল আনার হাতে। সারা বছরই এখানে ভক্তদের ভিড় লেগে থাকে। নিত্যদিন অসংখ্য ভক্ত আসেন পুজো দিতে। আর কার্তিক অমাবস্যায় কালীপুজোর দিন সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। উৎসবের চেহারা নেয় গোটা সোনামুখী শহর। বেকার যুবক থেকে শুরু করে চাকরিপ্রার্থী, সকলেই মায়ের কাছে এসে একটাই প্রার্থনা করেন, একটা চাকরি।