অর্পিতা মুখার্জী, কলকাতা: টালায় পাইপ ফাটার পর কয়েক দিনের তীব্র জলকষ্ট কাটিয়ে শহরে জল সরবরাহ কিছুটা ফিরেছে। তবে স্বস্তি এখনও মেলেনি। অনেক এলাকায় কল খুললে জল পড়ছে ঠিকই, কিন্তু তার গতি একেবারেই কম। কোথাও সরু ধারায় জল পড়ছে, কোথাও আবার দোতলা-তিনতলায় জল উঠছেই না।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পলতা জলপ্রকল্পের ৭২ ইঞ্চি ব্যাসের মূল লাইনটি এখনও পুরোপুরি মেরামত করা যায়নি। যতদিন না সেই লাইন সারানো হচ্ছে, ততদিন এই চাপের সমস্যা মিটবে না। আর সেই মেরামতির জন্য পলতায় অন্তত একদিন পুরো সরবরাহ বন্ধ রাখতে হবে। সেখানেই আটকে রয়েছে পুরসভা।
কেন ৪৮ ইঞ্চি পাইপে চলছে জল?
কলকাতায় পানীয় জলের প্রধান ভরসা পলতার ৭২ ইঞ্চি পাইপলাইন। সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে ৪৮ ইঞ্চি পাইপ দিয়ে জল পাঠানো হচ্ছে। কিন্তু ৭২ ইঞ্চি পাইপে যে পরিমাণ জল আসত, ৪৮ ইঞ্চি পাইপে তা পাঠানো সম্ভব নয়। ফলে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বহু এলাকায় জলের চাপ একেবারে তলানিতে নেমেছে। বিষয়টি বোঝাতে গিয়ে পুরসভার এক আধিকারিকের ব্যাখ্যা, যার প্রতিদিন এক কেজি চাল দরকার, তাকে আধ কেজি চাল দিলে যেমন পেট ভরে না, তেমনই ছোট পাইপ দিয়ে জল দিলে শহরের চাহিদা মিটছে না।
রেললাইনের নিচে মূল লাইন, মেরামতিতে কেন দেরি?
কেন মূল লাইনটি না সারিয়ে তড়িঘড়ি বাইপাস করা হল, তা নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের মধ্যেই প্রশ্ন উঠেছে। কারিগরি বিভাগ সূত্রে জানা গিয়েছে, পাইপটি যেখানে ফেটেছে, ঠিক তার উপর দিয়েই গিয়েছে রেলের ট্র্যাক। মূল লাইন সারাতে হলে রেলের আগাম অনুমতি লাগবে। তার উপর মাটির প্রায় ২২ ফুট নিচে গর্ত খুঁড়ে কাজ করতে হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সময়সাপেক্ষ। এই কাজ করতে গেলে অন্তত ২০ থেকে ২৫ দিন টানা জল বন্ধ রাখতে হত। সেই চরম ভোগান্তি এড়াতেই আপাতত বাইপাস পদ্ধতিতে জল চালু রাখা হয়েছে।
৬০ ইঞ্চির পাইপ নিয়ে প্রশ্ন
এই আবহেই সামনে এসেছে আরও একটি তথ্য। জানা গিয়েছে, ওই এলাকায় আগে থেকেই একটি ৬০ ইঞ্চির পাইপলাইন পাতা রয়েছে। বহু বছর আগে বিভাস মাইতি যখন পুরসভার জল বিভাগের দায়িত্বে ছিলেন, তখন সেটি তৈরি হয়েছিল। প্রশ্ন উঠছে, ৪৮ ইঞ্চির বদলে ৭২ ইঞ্চি লাইনের সঙ্গে ওই ৬০ ইঞ্চির পাইপ জুড়ে দেওয়া হল না কেন? তা হলে জলের চাপ অনেকটাই স্বাভাবিক থাকত। যদিও পুরসভার অন্দরে শোনা যাচ্ছে, ওই ৬০ ইঞ্চির লাইনটি এখন ব্যবহারযোগ্য অবস্থায় আছে কি না, তা নিয়ে কারও কাছেই স্পষ্ট তথ্য নেই।
শাটডাউনেই সমাধান, কিন্তু উৎসবের ভয়
বিশেষজ্ঞদের মতে, সমস্যার স্থায়ী সমাধান করতে হলে যথাযথ প্রস্তুতি নিয়ে পলতায় অন্তত একদিন সম্পূর্ণ শাটডাউন করতেই হবে। গার্ডেনরিচ প্রকল্প থেকে দক্ষিণ কলকাতার একাংশে জল মিললেও উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বড় অংশ পলতার জলের উপরই নির্ভরশীল। ফলে একদিন শাটডাউন হলে শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ জল পাবেন না।
সামনেই ছটপুজো ও জগদ্ধাত্রীপুজোর মতো উৎসব রয়েছে। উৎসবের মরসুমে জল বন্ধ হলে নাগরিকদের ক্ষোভের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছে প্রশাসন। তাই আপাতত শাটডাউন করা হচ্ছে না বলেই ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, পাইপ ফাটার আগের মতো স্বাভাবিক গতিতে জল ফিরতে আরও অন্তত সপ্তাহখানেক লাগতে পারে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য উৎসব মিটলেই পুরসভাকে শাটডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতেই হবে।