ওঙ্কার ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেজুড়েই ঝড় বৃষ্টি লেগেই রয়েছে বেশ কয়েকদিন ধরে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্রবারেও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। একাধিক জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে তাতেও গরমের অস্বস্তি কমবে না দক্ষিণবঙ্গে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায়।
উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত। রবিবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বলে আবহাওয়া সূত্রে খবর।