ওঙ্কার ডেস্ক: এইবছর নভেম্বর মাসের শুরু থেকেই রাজ্যবাসী ভালোই উপভোগ করছিল শীতের আমেজ। সকাল-সন্ধ্যা ঠান্ডার শিরশিরানি। তবে এরই মাঝে বাধা হয়ে দাঁড়ালো নিম্নচাপ। হাওয়া অফিস তরফে জানানো হয়েছে, এই কারণেই শীত সাময়িক বিরতি নিতে চলেছে। ফলে রাজ্যে আবারও বাড়বে তাপমাত্রা । আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। যা এখন শ্রীলংকা উপকূলের কাছে অবস্থান করছে এবং ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। যা আগামী ৪৮ ঘন্টায় আরও স্পষ্ট হবে। এর জেরেই রাজ্যের আবহাওয়া পরিবর্তন হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ৩দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। সাথে কুয়াশার দাপটও বাড়বে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরের দার্জিলিং জেলায় শুক্র ও শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরের জেলাগুলিতেও আগামী দুই সপ্তাহে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
