ওঙ্কার ডেস্ক: গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে। পদ্ম শিবির বঙ্গে ভূমিধস বিজয় পেয়েছে। তৃণমূল কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের ৩৪ আসনে অল্পের জন্য পরাজিত হয়েছে ঘাসফুল শিবির। এই আসনগুলিতে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে তৃণমূল।
তথ্য অনুসারে, তৃণমূল কংগ্রেস ১৪টি বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। আর ২০টি আসনে পরাজিত হয়েছে ৫,০০০ থেকে ১০,০০০ ভোটের ব্যবধানে। সবচেয়ে কম ব্যবধানে তৃণমূল যে বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছে সেটি হল রাজারহাট নিউ টাউন। এই আসনে জোড়াফুল শিবিরের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে মাত্র ৩১৬ ভোটে পরাজিত করেছেন বিজেপির পীযূষ কানোরিয়া। গোটা পশ্চিমবঙ্গে এটিই সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের আসন বিজেপির কাছে। এ ছাড়া বিজেপি ৪০১ ভোটে জয়ী হয়েছে সাতগাছিয়া, ৮৬২ ভোটে জয়ী হয়েছে হুগলির জাঙ্গিপাড়াতে, বাঁকুড়ার ইন্দাসে জয়ী হয়েছে ৯০০ ভোটে এবং পূর্ব বর্ধমানের রায়নাতে ৮৩৪ ভোটে জয় পেয়েছে পদ্ম শিবির। তবে খুব কম ব্যবধানে তৃণমূল জয়ী হয়েছে এমন আসনের কথা বলতে গেলে প্রথমে সামনে আসে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র। এই আসনে জোড়াফুল শিবিরের প্রার্থী জয়দেব হালদার ১,৯৯৫ ভোটে জয়ী হয়েছেন। এ ছাড়া হরিরামপুরে ১,৯৮৬ জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পাথরপ্রতিমা ৪,৮৭৩ ভোটের ব্যবধানে তৃণমূল মান রক্ষা করেছে।
৫,০০০ থেকে ১০,০০০ ভোটের ব্যবধান থাকা ২০টি আসনের দিকে তাকালে দেখা যাবে এই সমস্ত কেন্দ্রগুলির অধিকাংশে বিজেপি শেষ হাসি হেসেছে। এই তালিকায় রয়েছে টালিগঞ্জ, পাণ্ডুয়া, হিঙ্গলগঞ্জ, জোড়াসাঁকো এবং সিঙ্গুর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই স্বল্প ব্যবধানের জয় পেতে তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দিতে হয়েছে। দীর্ঘ দেড় দশকের তৃণমূল দুর্গে বড় সড় ফাটল তৈরি করতে সক্ষম হয়েছে পদ্ম শিবির।