গোপাল শীল, দক্ষিণ 24 পরগনা: সরকারি দপ্তরে কর্তব্যরত অবস্থায় এক সরকারি কর্মীকে অপহরণের অভিযোগ। অপহৃতের নাম বুদ্ধদেব মন্ডল। অভিযোগ, গত মঙ্গলবার সরকারি দপ্তরের ভিতর কিছু অপরিচিত যুবক হানা দেয়। তারাই বুদ্ধদেবকে অফিস থেকে বের করে নিয়ে যায়। তারপর থেকেই আর কোনও পাত্তা পাওয়া যায়নি তাঁর। ঘটনায় ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে সেচ দপ্তরের চড়িয়াল সাব ডিভিশনের ফলতা বলরামপুর সেচ দপ্তরের অফিসে। পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ বুদ্ধদেবকে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে বিকেল চারটে নাগাদ অফিসের তরফে তাঁদের কাছে খবর পৌঁছোয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ফলটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। সেচ দফতরের তরফেও একটি অভিযোগ করা হয়েছে। তবে আচমকা কেন তুলে নিয়ে তাঁকে, তা বুঝে উঠতে পারছে না পরিবার। দীর্ঘ ৩৪ ঘন্টা পার হওয়ার পরেও বুদ্ধদেবের কোনও খোঁজ পায়নি পুলিশ।
সূত্রের খবর, পেশায় সরকারি কর্মী হলেও রাজনৈতিক পরিচয় রয়েছে বুদ্ধদেবের। তৃণমূল কর্মী হিসেবে নামডাক রয়েছে তাঁর। রামনগর থানার বরদা গ্রামের বাসিন্দা তিনি। ভাদুড়া হরিদাস অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। এমতাবস্থায় গোটা ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অপহরণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।