ওঙ্কার ডেস্ক: যত দিন যাচ্ছে তত ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত আরও বাড়ছে। বুধবার রাতে জর্ডনে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটনের বেশ কয়েকটি সামরিক বিমান।
সিবিএস-এর সাংবাদিক জেনিফার জ্যাকবস সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন, মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ‘ওয়ার্থগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটির একটি ডানা ভেঙে পড়েছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ বিমানে সামান্য ক্ষতি হয়েছে। তিনি লিখেছেন, ‘ইরানি হামলার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য জর্ডনে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালালে ট্রাম্প বাহিনী ইরানের পাঁচটি ট্যাঙ্কারে হামলা চালায়। যার ফলে রাতের বেলার ক্ষয়ক্ষতির ঘটনাটি ঘটে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে তারা জর্ডনের ঘাঁটি-সহ আটটি ট্যাঙ্কার ও দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।’
উল্লেখ্য, মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধবিমানের কার্যক্রম পরিচালনা করে থাকে। ইরানের বিরুদ্ধে অভিযানে এটিকে ব্যবহার করেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি ট্যাঙ্কার ডুবিয়ে দেয়। এর পর এই হামলার ঘটনা ঘটল। ইরানের সংবাদ সংস্থার দাবি, সে দেশের রেভল্যুশনারি গার্ড ঘোষণা করেছে শাস্তিমূলক অভিযান-এর অংশ হিসেবে তারা জর্ডনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।