ওঙ্কার ডেস্ক: খাবারের গুণমান নিয়ে প্রশ্ন। রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও উঠছে অভিযোগ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার খাদ্যসুরক্ষা বিভাগ অভিযান জোরদার করে বুধবার আরও ২৫টি হোটেল ও রেস্তরাঁর ফুড লাইসেন্স সাময়িক ভাবে বাতিল করল। এর আগে মঙ্গলবার একই পদক্ষেপ করা হয়েছিল ৪০টি খাদ্যবিপণির বিরুদ্ধে। ফলে মাত্র দু’দিনে লাইসেন্স বাতিলের আওতায় এসেছে মোট ৬৫টি হোটেল, রেস্তরাঁ এবং মিষ্টির দোকান।
পুরসভার স্বাস্থ্য দফতরের ফুড সেফটি বিভাগ সূত্রে খবর, নতুন তালিকায় রয়েছে শহরের একাধিক পরিচিত প্রতিষ্ঠান। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ‘চাং ওয়া’ রয়েছে সেই তালিকায়। বেন্টিঙ্ক স্ট্রিটের ‘নিউ আলিয়া’ এবং ‘আলিশান’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।পুরসভার আধিকারিকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পরিদর্শন করেন। কোথাও খাবার যথাযথ নিয়মে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। আবার কোনও জায়গায় রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আপত্তি ধরা পড়ে। খাদ্যসুরক্ষা বিধি মেনে প্রয়োজনীয় পরিবর্তন না করা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির লাইসেন্সের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে পুরসভা স্পষ্ট করেছে, এই সিদ্ধান্তের অর্থ স্থায়ী ভাবে ব্যবসা বন্ধ করে দেওয়া নয়। ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানগুলিকে সময় দেওয়া হচ্ছে। সংশোধনের পর ফের পরিদর্শন করবেন খাদ্যসুরক্ষা আধিকারিকেরা। নিয়ম মেনে সব কিছু ঠিক থাকলে লাইসেন্স পুনরায় চালু করার সুযোগ থাকছে।
বুধবার সন্ধ্যায় নিউ মার্কেটের ‘নিজামস’-এ গিয়ে রেস্তরাঁটি বন্ধ পাওয়া যায়। বাইরে সংস্কারের কারণে সাময়িক ভাবে বন্ধ থাকার কথা জানিয়ে একটি নোটিস দেওয়া হয়েছিল। ‘নিউ আলিয়া’-র দরজাও তখন পুরোপুরি খোলা ছিল না। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ‘চাং ওয়া’-য় অবশ্য পানশালা চালু ছিল। তবে রেস্তরাঁর অংশ বন্ধ রাখা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, রান্নাঘরে বৈদ্যুতিক কাজ চলার কারণেই রেস্তরাঁ বন্ধ। যদিও পুরসভার পরিদর্শনে রান্নাঘরের পরিবেশ নিয়েও আপত্তি ধরা পড়েছিল বলে জানা গিয়েছে।