ওঙ্কার ডেস্ক: বিদেশি সংস্কৃতির অনুকরণ নয়, ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ফিরুক ভারতীয় ঐতিহ্য। স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সাবেকি গাউন ও হ্যাট পরার রীতির বিরোধিতা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে গাউন ও হ্যাট পরার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেননি মন্ত্রী। পরিবর্তে উত্তরীয় পরেই অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভারত যখন বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগোচ্ছে, তখন ইউরোপীয় সংস্কৃতি ও ব্রিটিশ মানসিকতার অনুকরণ থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তাঁর মতে, ভারতীয় ঐতিহ্যে গলবস্ত্র, অঙ্গবস্ত্র ও উত্তরীয় পরানোর দীর্ঘদিনের রীতি রয়েছে। বাংলাতেও এই প্রথা প্রচলিত ছিল। সংস্কৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও ডিগ্রি প্রদানের সময় পড়ুয়াদের উত্তরীয় পরানোর চল ছিল। এদিন ডিগ্রি নিতে আসা পড়ুয়াদের পোশাকেও দেশীয় সংস্কৃতির ছাপ দেখা যায়। ভারতীয় পোশাক এবং গলায় উত্তরীয় পরে মঞ্চে আসা ছাত্রছাত্রীদের প্রশংসা করেন উচ্চশিক্ষামন্ত্রী। তাঁর দাবি, দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় রীতির পরিবর্তে ভারতীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়েও উত্তরীয় ব্যবহারের প্রবণতা বাড়ছে।
এদিনের অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই উপাচার্য পেতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, প্রায় চার বছর ধরে উপাচার্য ছাড়াই চলছিল উত্তরবঙ্গের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এদিন ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। বি টেক এবং এম টেক বিভাগের ছাত্রছাত্রীরা এই ডিগ্রি পান। পাশাপাশি প্রতিটি ব্যাচের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।