ওঙ্কার ডেস্কঃ আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মেল করে একথা জানানো হয়। এই ঘটনায় ক্ষুব্ধ আম জনতা উন্নয়ন পার্টির নেতা। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ফের আদালতের দ্বারস্থ হতে চলেছেন হুমায়ুন।
নতুন দল গঠনের পর নিরাপত্তা চেয়েছিলেন হুমায়ুন। আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হুমায়ুন কবীরকে ওয়াই-প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। হুমায়ুনের নিরাপত্তায় থাকতেন ১৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ও ১১ জন কনস্টেবল। ভোটের সময় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। এবার সেই নিরাপত্তারক্ষীদের তুলে নিল অমিত শাহর দফতর।
অধীর চৌধুরি, নওশাদ সিদ্দিকির নিরাপত্তা তুলল না, তাঁর কেন প্রত্যাহার করা হল- সেই প্রশ্ন তোলেন হুমায়ুন কবীর। তিনি জানান, রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী পাঠানো হবে বলে তাঁকে জানানো হয়েছে।
হুমায়ুন কবীর ‘নতুন তৃণমূল’ গঠন নিয়ে কটাক্ষ করেছেন সমাজমাধ্যমে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘কারা বিজেপির ‘বি’ টিম আসল বিজেপির দালাল তা আজ প্রমাণিত। যাহাই তৃণমূল, তাহাই বিজেপি। আবারও একবার সেটা প্রমাণ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের যেসব নেতারা আমাকে সাসপেন্ড করিয়েছিল তারা আজ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জয়ী হয়ে আজ তাঁরা কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন? এটা কি মানুষের সঙ্গে চরম প্রতারণা নয়?