ওঙ্কার ডেস্ক: শিল্প ক্ষেত্রে আরও অগ্রগতি হতে চলেছে বাংলার। হুগলির সিঙ্গুরে ৫০০ কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি ১,৬০০ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট তৈরিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মাদার ডেয়ারি ও বাংলার ডেয়ারিকে একীভূত করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ কথা জানান।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই আন্দোলনে ভর করে বাংলায় ক্ষমতার মসনদে বসেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় বামফ্রন্ট সরকার মমতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল শিল্প বিরোধী বলে। ২০১১ সালে ক্ষমতায় বসার ১৪ বছর পর সেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্প তৈরিতে ছাড়পত্র দিল মমতার মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিল। ওই সংস্থাকে ৯৯ বছরের জন্য ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে লিজে। অ্যা মাজন এবং ফ্লিপকার্টের ওয়ারহাউস তৈরি হবে ওই জমিতে।
পাশাপাশি হাওড়ার অঙ্কুরহাটিতে জেমস অ্যালন্ড জুয়েলারি পার্ক তৈরিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যুতের চাহিদা যোগান দিতে রাজ্যের দু’টি জায়গায় ৮০০ করে দু’টি অর্থাৎ মোট ১,৬০০ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট তৈরি করা হবে।
