ওঙ্কার ডেস্ক : পশ্চিমবঙ্গ দিবস ও যোগা দিবস উপলক্ষে শনিবার দু’দিনের সফরে বাংলায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি হুগলির তারকেশ্বর থেকে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে তিনি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং এখানকার মানুষের সমৃদ্ধি কামনা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে লিখেছেন, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের আমার ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন একটি রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য, সমাজ সংস্কার এবং আরও অনেক ক্ষেত্রে অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। বারবার পশ্চিমবঙ্গ অগণিত উপায়ে ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “আজ, ২০শে জুন, পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিই নিশ্চিত করেছিল যে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। এক্ষেত্রে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অপরিসীম। এ বছর আমরা ডঃ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীও পালন করছি।”
প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন,জনগণের স্বপ্ন পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, “জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং এখানকার মানুষের সমৃদ্ধি কামনা করি।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জ্ঞান ও বিজ্ঞানে সমৃদ্ধ এই বাংলা জাতি গঠনে—ভক্তি আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং নবজাগরণ—গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।” তিনি আরও বলেছেন, “স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিত্বদের এই ভূমি এখন মোদীজির নেতৃত্বে তার ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। রাজ্যের সকল মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি।”