ওঙ্কার ডেস্কঃ এসআইআর ইস্যুতে একাধিক বার কমিশনকে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর এর কাজের ধরণ নিয়ে ৫ বার চিঠি দিয়েছেন। এবার কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেণ মমতা। ভোটার তালিকা থেকে ‘টার্গেট’ করে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা দাবি করেন, যে মহিলারা বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে গিয়েছেন, যাঁদের পদবি বদলে গিয়েছে, তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। এর আগেও এই অভিযোগ করেছিলেন মমতা। তবে সভামঞ্চ থেকে এই অভিযোগ করেছিলেন। এবার নবান্ন থেকে আবারও সুর চড়ালেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মহিলা ভোটার, নতুন ভোটার, পরিযায়ী শ্রমিক, যাঁরা শিফট হয়েছেন, তাঁদের বলব, এইআরও, বিএলওদের কাছে গিয়ে জানতে চান নাম বাদ গেল কেন? নথি দেখানোর পরেও কেন রসিদ দেওয়া হচ্ছে না?’’ তাঁর আরও অভিযোগ, বিএলএদের ঢুতে দেওয়া হচ্ছে না। মাইক্রো অবজার্ভাররা বসে আছেন। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।
‘ডোমিসাইল সার্টিফিকেট ’ গ্রহণ করা হচ্ছে না, তানিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, সমস্ত নথি বাতিল করে দেওয়া হয়েছে। মাইক্রো অবজার্ভারদের নিয়ে মমতার প্রশ্ন, ‘‘কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাইক্রো অবজার্ভার নিয়োগ? কেন অসম, ত্রিপুরা, মণিপুরের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হচ্ছে না?’’
বৈঠকে মতুয়াদের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মতুয়া ভাইবোনেদের বলব, নিজেদের অধিকার ছিনিয়ে নিন। মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবে না। কিন্তু নির্বাচন কমিশন ভোটের আগে অর্ধেক লোকের নাম কেটে দিয়ে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে।’’
