ওঙ্কার ডেস্ক: এক্স হ্যান্ডেলে সোমবার সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট। ওই হ্যান্ডলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ বার্তা। পাশাপাশি এক্সের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে ঋতব্রত শিবিরের অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঘটনায় কালীঘাট শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ঋতব্রতপন্থীরা। তাদের দাবি, পরিকল্পিত ভাবে রিপোর্ট করিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মমতা শিবির। ফলে দলের দুই গোষ্ঠীর রাজনৈতিক সংঘাত এবার সমাজমাধ্যমেও নতুন মাত্রা পেল। তৃণমূলের ভাঙনের পর থেকেই দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপড়েন চলছে। কোন গোষ্ঠী ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিবেচনাধীন। গত ১৭ সেপ্টেম্বর রাতে এই বিতর্কে অন্তর্বর্তী নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন। তাতে দলের নাম ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং জোড়াফুল প্রতীক আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করে কমিশন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা শিবিরের নাম হয় ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাদের নির্বাচনী প্রতীক দেওয়া হয় ‘ফুটবল পায়ে ফুটবলার’। অন্যদিকে, ঋতব্রত শিবিরের নাম রাখা হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক ‘খাম’। দল ভাগ হওয়ার পর দুই গোষ্ঠী নিজেদের পৃথক সমাজমাধ্যম অ্যাকাউন্টও চালু করে। পুরনো তৃণমূলের এক্স হ্যান্ডলটি মমতা শিবিরের কাছেই রয়েছে। অন্যদিকে, নতুন ইউজারনেম ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করেছিল ঋতব্রতপন্থীরা। সোমবার সকালে সেই অ্যাকাউন্টই সাসপেন্ড হওয়ার বিষয়টি সামনে আসে। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঘটনায় মমতা শিবিরকে দায়ী করেছে ঋতব্রত শিবির।