কালীগঞ্জ, নদিয়া:কালীপুজোর সন্ধ্যায় নাগের বাজারের হোস্টেল থেকে উদ্ধার হয়েছে নদিয়ার কালীগঞ্জের তরুণ চিকিৎসক অভিজিৎ সরকারের দেহ। খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে সাপজোলা গ্রামে। যুবক যে আত্মহত্যা করেছে তা মানতে নারাজ পরিবার।
সূত্রের খবর, সাপজোলা গ্রামেই বাড়ি অভিজিতের। ছোট থেকে গ্রামের স্কুলেই পড়াশোনা। খুবই মেধাবী ছাত্র ছিলেন তিনি। ২০১৩ সালে সাপজোলা দেশবন্ধু হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর জয়েন্টে ভালো ফল করে এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসা পড়ার সুযোগ পান। গ্রামের লোকজন বলছেন, বাড়িতে এলে পড়াশোনা নিয়েই বেশি থাকতেন তিনি।
এর মধ্যেই উৎসবের আবহে রবিবার বিকেলে গ্রামে মৃত্যুর খবর আসতেই সকলে হতবাক হয়ে যান। গ্রামের লোকজন ভেবেই পাচ্ছেন না, কীভাবে এমন ঘটনা ঘটল। সূত্রের খবর, আজ ময়নাতদন্তের পর অভিজিতের দেহ আসবে কালীগঞ্জের সাপজোলা গ্রামে। প্রিয়জনকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় গোটা গ্রাম।
অন্যদিকে পরিবারের দাবি, নিজের কোনও অসুবিধার কথা বাড়িতে কোনওদিন জানাননি অভিজিৎ। তাঁর এক ভাইপোর বক্তব্য, অভিজিৎ এমন সিদ্ধান্ত নেওয়ার ছেলে নয়। অর্থাৎ যুবক যে আত্মহত্যা করেছেন তা কোনভাবেই মেনে নিতে নারাজ পরিবার। বাড়ির লোকজন চাইছেন, অভিজিতের মৃত্যুর সঠিক তদন্ত হোক। প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি, মৃত তরুণ চিকিৎসকের মৃত্যুর যাতে উপযুক্ত তদন্ত হয়, সেই ব্যবস্থা করুক সরকার।