ওঙ্কার ডেস্ক: মুম্বইয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে সন্ত্রাসদমন শাখা (এটিএস)। মাহিম মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
মুম্বই এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসান আবুর। তাঁর বয়স ৩৩ বছর। পেশায় তিনি অ্যাপভিত্তিক বাইকচালক। পাশাপাশি পারফিউম বিক্রির ব্যবসাও করতেন বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতের মোবাইল ফোনে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের একটি অডিও ক্লিপ পাওয়া গিয়েছে। নিজের ব্যবসা এবং অ্যাপভিত্তিক বাইক পরিষেবার আড়াল ব্যবহার করে তিনি সামাজিক মাধ্যমে দেশবিরোধী ও উগ্রপন্থী পোস্ট করতেন বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে তাঁর সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের (পিআইও) সরাসরি যোগাযোগের ইঙ্গিত মিলেছে বলেও জানিয়েছে এটিএস।
তদন্তে আরও জানা গিয়েছে, ধৃত যুবক টেলিগ্রামে একটি গ্রুপ পরিচালনা করতেন। এটিএসের অভিযোগ, গত ১ জুন ওই গ্রুপে মাসুদ আজহারের একটি উসকানিমূলক অডিও আপলোড করা হয়েছিল। এ ছাড়াও, ‘ইবন-ই-কাসিম’ নামে পাকিস্তান-সমর্থিত একটি চরমপন্থী টেলিগ্রাম চ্যানেলের সক্রিয় সদস্য ছিলেন মহম্মদ হাসান, এমনটাই দাবি তদন্তকারীদের। তাঁর মোবাইল ফোনে ভারতবিরোধী নানা বিষয়বস্তু পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে ম্ন তদন্তকারীরা।
নাশকতার পরিকল্পনা ছিল কিনা? তা খতিয়ে দেখছে এটিএস। ধৃত যুবকের উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে। তাঁর সঙ্গে আর কারা যোগাযোগ রাখতেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের ডিজিটাল যোগাযোগ, সামাজিক মাধ্যমের কার্যকলাপ এবং সম্ভাব্য সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের এই পর্যায়ে অভিযোগগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।