ওঙ্কার ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুর ঘটনার তদন্তে সঙ্গীতশিল্পীর ম্যানেজার এবং সিঙ্গাপুর ইভেন্টের আয়োজককে গ্রেফতার করল পুলিশ। দু’জনকেই বুধবার ভোরে অসমের গুয়াহাটিতে নিয়ে আসা হয়। সূত্রের খবর, কী ভাবে জুবিনের মৃত্যু হল সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্য তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইভেন্টের আয়োজক শ্যামকানু মহন্ত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গুরগাঁওয়ের একটি আবাসন থেকে পাকড়াও করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে। দু’জনকেই বুধবার ভোরে গুয়াহাটিতে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের। গায়কের এমন অকাল প্রয়াণে শোকবিহ্বল হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। কী ভাবে জুবিনের মৃত্যু হল তা জানার জন্য অসম সরকার ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। যার মাথায় রয়েছেন স্পেশাল ডিজিপি এমপি গুপ্তা। ইতিমধ্যে ওই তদন্ত কমিটি মহন্ত ও শর্মাকে নোটিস ধরিয়েছে।
উল্লেখ্য, জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গও অভিযোগ করেছেন, সঙ্গীত শিল্পীর মৃত্যু দুর্ঘটনাবশত নয়। তাঁর দাবি, ‘ঘটনার দিন সেখানে যাঁরা ছিলেন, কেউ সন্দেহের উর্ধ্বে নয়। আমরা এফআইআর করেছি। আয়োজক, ম্যানেজার, প্রত্যেককে সন্দেহ করছি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের আইনব্যবস্থার ওপর পূর্ণ ভরসা রয়েছে। দ্রুত তদন্ত হোক, আমরা সেটাই চাইছি।’
