ওঙ্কার ডেস্ক: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোরে একটি বাণিজ্যিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বাড়িতে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ফুকেটের দক্ষিণ অংশে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনে প্রথম আগুন লাগে। ওই বাড়িতে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা চলত। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। থাই প্রশাসন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক। বাকি এক জন মায়ানমারের বাসিন্দা। পুলিশের দাবি, এই ঘটনায় কোনও পর্যটকের মৃত্যু হয়নি। আহতদের মধ্যেও পর্যটক নেই।
তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের উৎস এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যে এলাকায় আগুন লেগেছে, সেটি ফুকেটের শহরাঞ্চলের মধ্যে পড়ে। পশ্চিম উপকূলের জনপ্রিয় পাটং সৈকতের কাছেই ওই বাণিজ্যিক ভবনটি অবস্থিত। উল্লেখ্য, মাত্র চার মাস আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।