ওঙ্কার ডেস্ক: নানুরে পুলিশের গুলিতে রতন শেখের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া তাঁর পরিবারে। পুলিশের এক কনস্টেবলকে গুলি করে পালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় সেই রতনের। সেই খবর পৌঁছতেই ভেঙে পড়েছেন তাঁর দাদা সালাম শেখ এবং বৌদি চম্পা বিবি। তাঁদের বক্তব্য, অপরাধের শাস্তি হোক, তা তাঁরা চেয়েছিলেন। কিন্তু রতনের মৃত্যু কখনও কাম্য ছিল না।
সাঁওতা গ্রামের বাড়িতে এখন কার্যত একাই থাকেন সালাম ও চম্পা। রতনের পরিবারের সদস্য বলতে তাঁরাই। পুলিশের তরফে মৃত্যুর খবর জানিয়ে তাঁদের ফোন করা হয়। ভাইয়ের দেহ শনাক্ত করতে গিয়েছেন সালাম। ময়নাতদন্তের পর সৎকারের জন্য তাঁর হাতেই দেহ তুলে দেওয়ার কথা। চম্পা জানিয়েছেন, প্রায় পাঁচ-ছয় বছর ধরে গ্রামে আসতেন না রতন। বিয়ে করেছিলেন তিনি। দুই ছেলেও রয়েছে তাঁর। কিন্তু সন্তানদের নিয়ে স্ত্রী সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেন রতন। ক্রমে পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। একসময় জমি বিক্রি করে অন্যত্র চলে যান তিনি।
রবিবার সন্ধ্যায় রতনের মৃত্যুর খবর পান দাদা-বৌদি। সেই খবর তাঁদের কাছে ছিল অপ্রত্যাশিত। চম্পার কথায়, অপরাধ করলে রতনের শাস্তি হওয়া উচিত ছিল। পুলিশ তাঁকে গ্রেফতার করে দীর্ঘদিন জেলে রাখতে পারত। প্রয়োজনে কঠোর শাস্তিও দিতে পারত। কিন্তু প্রাণ কেড়ে নেওয়া উচিত হয়নি। চম্পা বলেন, “আমরা চেয়েছিলাম ওকে যেন আর জেল থেকে বেরোতে না হয়। ও জেলেই থাকুক, সেটাই চেয়েছিলাম। কিন্তু ওর মৃত্যু আমরা কেউ চাইনি।” দেওরের স্ত্রী ও দুই সন্তানের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, স্ত্রী চলে যাওয়ার পর থেকেই রতনের আচরণে পরিবর্তন এসেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নানুর এলাকায় রতনের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ছিল। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা এবং মাদক পাচারের মতো মামলাও ছিল তাঁর বিরুদ্ধে। কয়েক মাস আগে একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। গত শুক্রবার জামিনে মুক্তি পান রতন। এরপর অন্য একটি মামলায় তাঁকে ধরতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান রতন। তাঁর ছোড়া গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে আঘাত লাগে। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা।