অর্পিতা মুখার্জী : দীপাবলির ছুটি কাটাতে বাপের বাড়ি এসেছিলেন। আড়াই বছরের মেয়েকে নিয়ে আনন্দে কাটছিল ছুটি। কিন্তু সেই ছুটি শেষ মর্মান্তিকভাবে। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার জঙ্গল থেকে উদ্ধার হল ৩৫ বছরের বর্ষা তুরকারের রক্তাক্ত দেহ। তাঁর সঙ্গে থাকা বন্ধুকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কে এই বর্ষা ? বর্ষার বাপের বাড়ি মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। ২০২৪ সালে তাঁর বিয়ে হয়। স্বামী বর্তমানে ইন্দোরে থাকেন। দীপাবলি উপলক্ষে মেয়েকে নিয়ে বালাঘাটে বাবার বাড়িতে এসেছিলেন তিনি। কিন্তু এই দীপাবলি যে তাঁর জীবনের শেষ উৎসব হবে তা স্বপ্নেও কল্পনা করেননি কেউ। সূত্রের খবর, যেখানে বর্ষার দেহ মিলেছে, সেই বনদ্রানি জঙ্গল এলাকা গোন্ডিয়া জেলাযর অন্তর্গত। জায়গাটি মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ সীমান্তের খুব কাছেই।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল প্রায় ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন বর্ষা। বন্ধু নীতেশ আগরওয়ালের সঙ্গে ওয়াইনগঙ্গা নদীর পাড়ে গিয়েছিলেন তিনি। কয়েক ঘণ্টা পর নীতেশই তাঁর পরিবারকে একটি ঘটনার কথা জানায়। এরপর তড়িঘড়ি বর্ষার পরিবার সেখানে ছুটে গিয়ে মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ সীমান্তের কাছে বনদ্রানি জঙ্গলে বর্ষাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল বর্ষাকে। নীতেশের দাবি, অচেনা মুখোশধারী দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়ে লুটপাট করেছে। কিন্তু এই বয়ানে সন্দেহ তৈরি হয়েছে পুলিশের। হামলার দাবি করলেও নীতেশের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাঁর বক্তব্যে একাধিক অসংগতি পেয়েছে পুলিশ। তাই তাঁকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বর্ষার বাবা সাংবাদিকদের বলেন, “সে আমার বড় মেয়ে ছিল। ঘটনা ঘটে যাওয়ার পর আমি খবর পেয়েছি।” আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু, লুটের অভিযোগ কতটা সত্যি, আদৌ কোনও হামলাকারী ছিল কি না, সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।