ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের কিশ্তওয়ারে দুই স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দুই আধিকারিককে সেনাবাহিনী ভুল করে গুলি চালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন জম্মুকাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা। তাঁর দাবি, তল্লাশি অভিযানে গিয়ে ফেরার পথে সাধারণ পোশাকে থাকায় দুই পুলিশকর্মীকে জঙ্গি ভেবে গুলি চালায় সেনা। যদিও এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। কংগ্রেস নেতার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তারা।
কাররার দাবি, নিহত দুই এসপিও তল্লাশি অভিযানে গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁরা সেনার দু’টি চেকপোস্ট নির্বিঘ্নে পার হয়েছিলেন। কিন্তু ফেরার পথে সাধারণ পোশাকে থাকায় তাঁদের সন্দেহভাজন জঙ্গি বলে মনে করে সেনা। এরপরই গুলি চালানো হয়। এই বিষয়ে কিশ্তওয়ারের জেলা সভাপতির সঙ্গে কথা বলেছিলেন বলেও জানিয়েছেন কাররা। তাঁর বক্তব্য, দুই পুলিশকর্মীর মৃত্যুর নেপথ্যে কী ঘটেছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। অন্যদিকে, জঙ্গিদের হামলায় তাঁদের মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেটি বিজেপি প্রচার করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা।
অন্য দিকে কাররার এই মন্তব্যের পরেই পাল্টা সরব হয়েছে বিজেপি। দলীয় বিধায়ক রণবীর সিং পাঠানিয়া এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আক্রমণ করেছেন। তাঁর দাবি, তদন্ত শেষ হওয়ার আগেই এমন মন্তব্য করে বিভ্রান্তি ছড়াচ্ছেন কংগ্রেস সভাপতি। পাঠানিয়া বলেন, কিশ্তওয়ারে দুই সাহসী এসপিও এর মৃত্যুতে গোটা দেশ শোকাহত। এমন পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতির উচিত ছিল তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা। তার পরিবর্তে তিনি ভিত্তিহীন একটি তত্ত্ব সামনে এনে নিরাপত্তাকর্মীদের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি করছেন।